বিশ্বনাথে আড়াই হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সিলেটের বিশ্বনাথে ২ হাজার ৬০০ পিস ইয়াবাসহ ফারুক আহমদ (৪০) নামে এক শীর্ষ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আজ রবিবার (১৯ এপ্রিল) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটক ফারুক আহমদ সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার পশ্চিম লোহারমহল গ্রামের মৃত নূর উদ্দিনের ছেলে।
বিশ্বনাথ থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত শেষ রাতে উপজেলার লামাকাজি ইউনিয়নের গোলচন্দ বাজার এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। অভিযানে ফারুকের হেফাজত থেকে বিপুল পরিমাণ এই ইয়াবা উদ্ধার করা হয়। বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, গ্রেপ্তারকৃত ফারুকের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে সিলেট জেলার বিভিন্ন থানায় আরও ১২টি মামলা রয়েছে। তিনি দীর্ঘ দিন ধরে কৌশলে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। মাদক নির্মূলে পুলিশের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন।
এ রহমান
মন্তব্য করুন: