৪ লক্ষাধিক শিশুকে টিকার লক্ষ্য
সিলেটে শুরু হচ্ছে মাসব্যাপী হাম-রুবেলা ক্যাম্পেইন
সিলেটে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী মোট ৪ লাখ ৬৫ হাজার ৫৪ জন শিশুকে হাম-রুবেলা (এমআর) টিকার আওতায় আনতে মাসব্যাপী বিশেষ ক্যাম্পেইন শুরু হচ্ছে। আগামীকাল সোমবার (২০ এপ্রিল) থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী ১০ মে পর্যন্ত। আজ রবিবার সিলেট জেলা সিভিল সার্জন কার্যালয় এবং সিলেট সিটি করপোরেশনের (সিসিক) পৃথক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য বিভাগের পরিসংখান অনুযায়ী, মোট লক্ষ্যমাত্রার মধ্যে সিলেট সিটি করপোরেশন এলাকায় ৬৮ হাজার ৫৪০ জন এবং জেলার ১৩টি উপজেলায় ৩ লাখ ৯৬ হাজার ৫১৪ জন শিশু রয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন জানান, জেলায় মোট ২ হাজার ৪৬১টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে শিশুদের এই জীবন রক্ষাকারী টিকা প্রদান করা হবে। প্রতিটি শিশুকে এক ডোজ করে এমআর টিকা দেওয়া হবে, যা তাদের সংক্রামক রোগ থেকে সুরক্ষা দেবে।
অন্যদিকে, সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম জানান, নগরীতে দুই ধাপে এই কার্যক্রম পরিচালিত হবে। প্রথম ধাপে ওয়ার্ডভিত্তিক কমিউনিটি পর্যায়ে এবং দ্বিতীয় ধাপে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে টিকাদান চলবে। এই বিশাল কর্মযজ্ঞ সামলাতে প্রতিদিন ৮৪টি টিম কাজ করবে, যেখানে প্রতিটি টিমে ২ জন ভ্যাকসিনেটর ও ৩ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবেন। সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সরকার এই উদ্যোগ নিয়েছে। যদি কোনো শিশু নির্ধারিত সময়ে টিকা নিতে ব্যর্থ হয়, তবে পরবর্তীতে স্থায়ী টিকাদান কেন্দ্র থেকে টিকা নেওয়ার সুযোগ থাকবে বলেও জানানো হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: