সিলেটে বিভাগীয় কমিশনারসহ তিন শীর্ষ কর্মকর্তার বদলি
সিলেট বিভাগীয় প্রশাসনে একসঙ্গে তিন শীর্ষ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এ–সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রোববার (১৯ এপ্রিল) জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীকে গ্রেড-১ প্রদান করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে, ১৩ এপ্রিল জারি করা পৃথক দুই প্রজ্ঞাপনে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনারদেরও বদলি করা হয়।
এক প্রজ্ঞাপনে জানানো হয়, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্ম সচিব) আশরাফুল রহমানকে বদলি করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্য প্রজ্ঞাপনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোহসীন উদ্দিনকে প্রেষণে প্রধান বিস্ফোরক পরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনে দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, তাঁকে সোমবার (২০ এপ্রিল) দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় ওই দিন বিকেলেই তাঁকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।
তাহির আহমদ
মন্তব্য করুন: