অচিরেই দেশে হামের প্রকোপ কমবে: বাণিজ্যমন্ত্রী
পাট, বস্ত্র, শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, টিকাদান কার্যক্রম জোরদার হওয়ায় অচিরেই দেশে হাম-এর প্রকোপ কমে আসবে।
আজ সোমবার (২০ এপ্রিল) সকালে নগরের অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ-এ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার জনস্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়ে কাজ করছে। চলমান টিকাদান কার্যক্রমের ফলে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা যাচ্ছে। তিনি জানান, সিলেটে শিগগিরই ২৫০ শয্যার একটি হাসপাতাল চালু করা হবে। এ ছাড়া অঞ্চলের স্বাস্থ্যসেবা নিয়ে যে অসন্তোষ রয়েছে, তা দূর করতে সরকার কাজ করছে।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বিভিন্ন সামাজিক সূচকে সিলেট এখনো পিছিয়ে রয়েছে এবং অনেক ক্ষেত্রে বৈষম্যের শিকার। আগামী পাঁচ বছরে এসব বৈষম্য কমিয়ে আনার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফল করতে সিসিকের সংশ্লিষ্টরা কাজ করছেন। ইতিমধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও প্রচার কার্যক্রম চালানো হয়েছে। তিনি গুজবে কান না দিয়ে অভিভাবকদের সন্তানদের টিকা গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম। সিলেট সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী পরিচালক ডা. নূরে আলম শামীম।
এতে বক্তব্য দেন মো. জিয়াউর রহমান চৌধুরী, মো. সারওয়ার আলম, ডা. সুফি মো. খালিদ বিন লুৎফুর, রেজাউল হাসান কয়েস লোদী ও মির্জা ফজলে এলাহী প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: