কোম্পানীগঞ্জে প্রবাসী কল্যাণ মন্ত্রী
‘সরকারি ব্যবস্থাপনায় দক্ষ কর্মী যাবে বিদেশে’
বিদেশে কর্মসংস্থানের নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা রোধে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি স্পষ্ট করেন যে, অসাধু রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নতুন লাইসেন্স প্রদান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এখন থেকে কর্মীদের যোগ্যতা যাচাই করে এবং সরকারি ব্যবস্থাপনায় বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে তারা নিরাপদে ও নিশ্চিত কর্মসংস্থানে পৌঁছাতে পারেন।
আজ সোমবার সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় সরবি খাল হতে কাটাগাঙ পর্যন্ত খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। অব্যবহৃত হাইটেক পার্কগুলো নিয়ে পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, এই পার্কগুলোকে এখন থেকে স্থানীয় যুবকদের কারিগরি ও ভাষা শিক্ষার ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহার করা হবে। এর মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলা সম্ভব হবে, যা দেশে ও বিদেশে কর্মসংস্থানের পথ প্রশস্ত করবে।
খাল পুনঃখনন কর্মসূচির গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তিত খাল খনন কর্মসূচি পুনরায় চালু করা হয়েছে। অতীতে এই উদ্যোগের ফলেই খাদ্য উৎপাদন দ্বিগুণ হয়েছিল। বর্তমানে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় সেচ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। খাল খননের মাধ্যমে বর্ষার পানি ধরে রাখতে পারলে কৃষকরা শুষ্ক মৌসুমেও অনায়াসে ফসল ফলাতে পারবেন। উদ্বোধন শেষে মন্ত্রী কোম্পানীগঞ্জের তেলিখাল ইউনিয়নে স্টোন ক্রাশার জোন ও ট্রাক স্ট্যান্ডের জায়গা এবং পশ্চিম ইসলামপুরে মাদ্রাসা ট্রেনিং সেন্টারের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়াসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ রহমান
মন্তব্য করুন: