সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
Led Bottom Ad

বিভাগে মোট প্রাণহানি ৬

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

প্রথম সিলেট প্রতিবেদন

২০/০৪/২০২৬ ২০:৩২:৪৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটে হামের উপসর্গ নিয়ে সাজু নামে দুই বছর বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে। আজ সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। মৃত শিশু সাজু সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া এলাকার মিজানুর রহমানের সন্তান।

ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটি হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তার শরীরে ডায়রিয়া ও নিউমোনিয়ার মতো মারাত্মক জটিলতা দেখা দেয়। একপর্যায়ে তার হৃদযন্ত্রের কার্যক্রম বন্ধ হয়ে যায়। চিকিৎসকরা জানিয়েছেন, রোববার থেকে শিশুটিকে ভেন্টিলেশনে রেখে সব ধরনের চেষ্টা চালানো হলেও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ৪১ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ১৫৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৭৯ জন রোগী ভর্তি রয়েছে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। উল্লেখ্য, আজ থেকেই সিলেটে হাম-রুবেলা টিকাদানের বিশেষ কর্মসূচি শুরু হয়েছে, এর মধ্যেই মৃত্যুর এমন সংবাদে স্থানীয়দের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad