সিলেটে আজ থেকে শুরু এসএসসি পরীক্ষা, কঠোর সতর্কতা
Led Bottom Ad

সকল প্রস্তুতি সম্পন্ন

সিলেটে আজ থেকে শুরু এসএসসি পরীক্ষা, কঠোর সতর্কতা

প্রথম সিলেট প্রতিবেদন

২১/০৪/২০২৬ ০২:৩৫:৪৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সারাদেশের মতো সিলেট শিক্ষা বোর্ডের অধীনেও আজ (মঙ্গলবার) শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে পরীক্ষার সূচনা হয়।


এ বছর সিলেট শিক্ষা বোর্ডে মোট ৮৯ হাজার ৪২১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। গত বছরের তুলনায় এ সংখ্যা ১২ হাজার ৭৯৮ জন কমেছে। এর আগেও ২০২৪ সালে পরীক্ষার্থী কমেছিল ৬ হাজার ৮৫৪ জন।


পরিসংখ্যান অনুযায়ী, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৩৫ হাজার ৫৩০ জন এবং ছাত্রী ৫৩ হাজার ৮৯১ জন। জেলাভিত্তিক হিসেবে সিলেট জেলায় সর্বোচ্চ ৩৫ হাজার ৪৫৫ জন পরীক্ষার্থী রয়েছে। এছাড়া মৌলভীবাজারে ১৯ হাজার ৯৪৮ জন, সুনামগঞ্জে ১৮ হাজার ৪২২ জন এবং হবিগঞ্জে ১৫ হাজার ৮১৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।


বিভাগ অনুযায়ী মানবিক শাখায় পরীক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি—৫৮ হাজার ১৯৯ জন। এ শাখায় ছাত্র ২৩ হাজার ৮৮ জন এবং ছাত্রী ৩৫ হাজার ১১১ জন। বিজ্ঞান বিভাগে ২৫ হাজার ১৯১ জন পরীক্ষার্থী রয়েছে, যার মধ্যে ছাত্র ৯ হাজার ৫১০ জন এবং ছাত্রী ১৫ হাজার ৬৮১ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষার্থী ৬ হাজার ২৫৩ জন, যেখানে ছাত্র ৩ হাজার ৫২ জন এবং ছাত্রী ৩ হাজার ২০১ জন।


এবার বিভাগের ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা ২২৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে সিলেট জেলায় ৯৪টি কেন্দ্র, সুনামগঞ্জে ৪৫টি, হবিগঞ্জে ৪৯টি এবং মৌলভীবাজারে ৩৭টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।


সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াছমীন জানান, ছেলেদের বিদেশমুখী হওয়ার প্রবণতার কারণে পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা কমেছে।


অন্যদিকে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী বলেন, পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে সংশ্লিষ্ট প্রশাসন কাজ করছে।


সংশ্লিষ্টরা আশা করছেন, নির্বিঘ্ন পরিবেশে এবারের পরীক্ষা সম্পন্ন হবে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad