বিজিবির অভিযান
বিয়ানীবাজারে অর্ধকোটি টাকার ভারতীয় জিরা জব্দ
সিলেটের বিয়ানীবাজার উপজেলার দুবাগ এলাকা থেকে ভারত থেকে আসা অবৈধ জিরার একটি বিশাল চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে পরিচালিত এক অভিযানে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের এই জিরা উদ্ধার করা হয়।
৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আতাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার বিজিবির একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকা থেকে ৪ কিলোমিটার ভেতরে দুবাগ ইউনিয়নের দুবাগ মোড় নামক স্থানে অভিযান চালায়। এ সময় ১১২টি বস্তায় ভর্তি মোট ৩ হাজার ৩৬০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়। উদ্ধারকৃত জিরার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লাখ ৪০ হাজার টাকা।
বিজিবি জানায়, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে এই জিরাগুলো বাংলাদেশে নিয়ে আসা হয়েছিল। জিরার চালানটি জব্দ করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার কাজ চলমান রয়েছে। সীমান্ত দিয়ে চোরাচালান রোধে বিজিবির এই ধরনের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: