জিডি দায়ের
ভূমিদস্যু মিসবাউলের বিরুদ্ধে নারীকে প্রাণনাশের অভিযোগ
বাড়ির মালিকের অনুপস্থিতিতে ভূমি দখলের অভিযোগ উঠেছে সিলেটের বহুল আলোচিত ভূমি দস্যু মিসবাউল ইসলামের বিরুদ্ধে। একইসাথে ভূমি দখলে ব্যর্থ হয়ে বাড়ির সামনে ময়লা-আবর্জনা ফেলে দুর্ভোগ সৃষ্টি ও বাড়ির তত্বাবধায়ককে গৃহবন্দি করার কৌশল অবলম্বন করে মিসবাউল। এতে বাধা প্রদান করায় ভুক্তভোগী তত্বাবধায়ক আতরজান বিবিকে (৬২) প্রাণনাশের হুমকী দিচ্ছে মিসবাউল গং। এ ঘটনার পর থেকে আতরজান বিবি নিজেকে নিরাপত্তাহীন উল্লেখ করে সিলেট এয়ারপোর্ট থানায় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) একটি সাধারন ডায়েরি করেন। যার নং -১২৪৯
ডায়েরিতে আতরজান বিবি উল্লেখ করেন সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন বড়শলা এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মিসবাউল ইসলামের নির্দেশে তাঁর সহযোগীরা ময়লা-আবর্জনা ফেলা, গালিগালাজসহ অব্যাহতভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছে। জিডিতে আতরজান বিবি আরও উল্লেখ করেন, তিনি লন্ডন প্রবাসী শামীম চৌধুরীর মালিকানাধীন একটি বাসার দেখাশোনার দায়িত্বে রয়েছেন। ওই সম্পত্তিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজনের সঙ্গে বিরোধ চলছিল। এর জের ধরে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বাসার আঙিনায় ইচ্ছাকৃতভাবে ময়লা-আবর্জনা ফেলে আসছিল।
আতরজান বেগম দাবি করেন, বিষয়টি নিয়ে বারবার নিষেধ করার পরও তারা কর্ণপাত করেনি। বরং গত ১৫ এপ্রিল সকাল ১১টার দিকে পুনরায় বাধা দিলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে তাকে ও তার পরিবারের সদস্যদের অশালীন ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয়।
তিনি আরও অভিযোগ করেন, বিবাদীরা বিভিন্ন অজুহাতে তাদের বাসা থেকে উচ্ছেদের চেষ্টা চালাচ্ছে, ফলে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ ঘটনায় আতরজান বেগম আইনগত সুরক্ষাসহ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের প্রতি অনুরোধ জানিয়েছেন।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: