দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় মহানগর তাঁতি দল নেতা নিহত
Led Bottom Ad

বাকরুদ্ধ শিশু সন্তান

দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় মহানগর তাঁতি দল নেতা নিহত

প্রথম সিলেট প্রতিবেদন

২৩/০৪/২০২৬ ২৩:৫২:১৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজার বাইপাস সড়কে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আজিজুর রহমান জুনেল (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত জুনেল সিলেট মহানগর তাঁতি দলের আহ্বায়ক কমিটির সদস্য এবং জিন্দাবাজারের কাজী ম্যানশনের ম্যানেজার ছিলেন। বাবার এমন আকস্মিক মৃত্যুতে তাঁর সঙ্গে থাকা তৃতীয় শ্রেণিতে পড়ুয়া শিশু সন্তান লাবিব বাকরুদ্ধ হয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে জুনেল তাঁর ছেলেকে স্কুল থেকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন। তেলিবাজার বাইপাস সড়কে একটি বিদ্যুতের খুঁটি বহনকারী লং ভেহিকলকে ওভারটেক করার সময় রাস্তার গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারান তিনি। মুহূর্তেই তিনি বিশাল ওই গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে জুনেলের ছেলে লাবিব আহত হয়। তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে থাকা পুলিশের উপপরিদর্শক (এসআই) ময়নুল আক্ষেপ প্রকাশ করে জানান, দুর্ঘটনার সময় জুনেলের মাথায় হেলমেট ছিল না। তিনি বলেন, “আমরা বারবার সচেতন করি যে হেলমেট জীবন রক্ষা করে। আজ যদি তাঁর মাথায় হেলমেট থাকত, তবে হয়তো এই প্রাণহানি এড়ানো যেত। ছোট্ট এই শিশুটির যে অপূরণীয় ক্ষতি হলো, তা মেনে নেওয়া কঠিন।”

দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুজ্জামান জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় নিহতের পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad