সিলেটে এনজিওর বিরুদ্ধে মামলা
রানা প্লাজা ট্র্যাজেডি পুঁজি করে ২৮ কোটি টাকা আত্মসাৎ
সাভারে রানা প্লাজা ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ছবি ব্যবহার করে বিদেশ থেকে সংগৃহীত প্রায় ২৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সিলেটের আদালতে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মানবাধিকার সংগঠন ‘লাভ দেশ’-এর সিইও এবং বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ইয়াসমিন চৌধুরী হ্যাপী সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলাটি দায়ের করেন।
মামলার নথিপত্র ও সংশ্লিষ্ট আইনজীবীদের সূত্রে জানা গেছে, রানা প্লাজা ধসে আহত ও নিহত শ্রমিকদের করুণ দশা প্রদর্শন করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং নেদারল্যান্ডসসহ বিভিন্ন দেশে বড় বড় চ্যারিটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠান থেকে সংগৃহীত বিপুল পরিমাণ অর্থের কোনো অংশই প্রকৃত ভুক্তভোগী শ্রমিকদের হাতে পৌঁছায়নি বলে অভিযোগ করা হয়েছে। মামলায় অভিযুক্ত প্রধান সংস্থাগুলোর মধ্যে রয়েছে আওয়াজ ফাউন্ডেশন, ফ্যাশন রেভোলেশন-ইউকে এবং নেদারল্যান্ডস ভিত্তিক ফেয়ার ওয়ার ফাউন্ডেশন।
সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ জাকারিয়া জানান, লন্ডনের বিশেষ কিছু প্রোগ্রামে রানা প্লাজায় আহত শ্রমিক মরিয়মের নিখোঁজ বোন শ্যামলীর ছবি ব্যবহার করা হয়েছিল। সেই ছবি দেখিয়ে সুইজারল্যান্ডের লাউডিস ফাউন্ডেশন এবং আমেরিকান সংস্থা রেড কার্পেট গ্রিন ড্রেসের কাছ থেকে বিপুল অর্থ সংগ্রহ করে আওয়াজ ফাউন্ডেশন। অথচ ক্ষতিগ্রস্ত শ্রমিকরা এর কোনো সুফল পাননি। অভিযোগ উঠেছে, ট্র্যাজেডিকে পুঁজি করে কিছু সংগঠন নিজেদের ভাগ্য বদলালেও প্রকৃত অসহায় শ্রমিকরা আজও বিনা চিকিৎসায় ও অনাহারে দিন কাটাচ্ছেন।
সিলেটের আদালতে এই মামলা দায়েরের পর সংশ্লিষ্ট মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শ্রমিক সংগঠনের নেতারা দাবি জানিয়েছেন, রানা প্লাজা ইস্যুতে দেশ-বিদেশ থেকে তহবিল সংগ্রহকারী সকল এনজিও ও সংগঠনের আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব জনসমক্ষে প্রকাশ করতে হবে। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন এবং প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এ রহমান
মন্তব্য করুন: