‘ডিজেলের দাম বৃদ্ধিতে পণ্যমূল্যে প্রভাব পড়বে না’
Led Bottom Ad

সিলেটে বাণিজ্য ও শিল্পমন্ত্রী

‘ডিজেলের দাম বৃদ্ধিতে পণ্যমূল্যে প্রভাব পড়বে না’

প্রথম সিলেট প্রতিবেদন

২৪/০৪/২০২৬ ২১:৩৫:৩৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দেশে ডিজেলের দাম ১৫ শতাংশ বাড়ানো হলেও এর ফলে পণ্যমূল্যে কেজি প্রতি মাত্র ৩০ পয়সার মতো প্রভাব পড়তে পারে এবং সামগ্রিক মূল্যস্ফীতিতে কোনো বড় নেতিবাচক প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে সিলেট সদরের মাসুকগঞ্জ বাজারে বাসিয়া খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে বাড়তি মূল্যে জ্বালানি আমদানি করা হলেও এর অভিঘাত যাতে জনগণের ওপর না পড়ে, সরকার তা যথাযথভাবে ম্যানেজ করবে। লোডশেডিং প্রসঙ্গে তিনি জানান, চাহিদা অনুযায়ী গ্যাস আমদানিতে জটিলতা থাকায় এই সমস্যা হচ্ছে, তবে এলএনজি আমদানির সক্ষমতা বাড়াতে নতুন টার্মিনাল নির্মাণের টেন্ডার প্রক্রিয়া শুরু হচ্ছে। এছাড়া বৈশ্বিক পরিস্থিতি মোকাবিলায় সরকার নতুন স্টোরেজ বা সংরক্ষণাগার নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও অব্যবস্থাপনা নিয়ে মন্ত্রী বলেন, “সরকারের বয়স মাত্র দুই মাস। আমরা উত্তরাধিকার সূত্রে অনেক অব্যবস্থাপনা ও অরাজকতা পেয়েছি, যা এখন মোকাবিলা করতে হচ্ছে।”

বাসিয়া খাল খনন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে মন্ত্রী জানান, ৪০ কিলোমিটার দীর্ঘ এই খালের প্রথম ধাপে ২৩ কিলোমিটার খনন করা হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ৯০ হাজার কৃষক উপকৃত হবেন এবং শুষ্ক মৌসুমে ২০ হাজার হেক্টর জমিতে অতিরিক্ত ফসল উৎপাদন সম্ভব হবে। আগামী ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমান এই খনন প্রকল্পের উদ্বোধন করবেন বলে তিনি নিশ্চিত করেন।

পরিদর্শনকালে সিলেট-২ আসনের সংসদ সদস্য এমএ মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এবং মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad