সিলেটের ডিসির বিরুদ্ধে উচ্চ আদালতের নির্দেশ অমান্যের অভিযোগ
Led Bottom Ad

ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

সিলেটের ডিসির বিরুদ্ধে উচ্চ আদালতের নির্দেশ অমান্যের অভিযোগ

প্রথম সিলেট প্রতিবেদন

২৬/০৪/২০২৬ ২১:৫৪:০৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের বিরুদ্ধে উচ্চ আদালতের নির্দেশনা অমান্য ও চুক্তি ভঙ্গের অভিযোগ তুলেছেন বন্দরবাজার এলাকার সিলেট কালেক্টরেট জামে মসজিদ মার্কেটের ব্যবসায়ীরা। রোববার (২৬ এপ্রিল) নগরীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁরা দাবি করেন, আদালতের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ থাকার পরও তাঁদের দোকানগুলো বেআইনিভাবে তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। এতে ব্যবসায়ীরা মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. ইনামুল করিম চৌধুরী জানান, ১৯৯৯ সালে দরপত্রের মাধ্যমে প্রায় কোটি টাকা সেলামি প্রদান করে তাঁরা ১ থেকে ৭ নম্বর দোকানগুলো স্থায়ীভাবে ভাড়া নেন এবং তৎকালীন জেলা প্রশাসক ও মসজিদ ট্রাস্টের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে বৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তবে গত ১০ মার্চ কোনো আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই মাত্র তিন দিনের নোটিশে চুক্তি বাতিলের ঘোষণা দেয় মসজিদ ট্রাস্ট। এই একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যবসায়ীরা হাইকোর্টে রিট করলে আদালত গত ১২ মার্চ দুই মাসের জন্য স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। কিন্তু অভিযোগ অনুযায়ী, আদালতের সেই আদেশ উপেক্ষা করে গত ২৬ মার্চ রাতে অভিযান চালিয়ে দোকানগুলোতে তালা লাগিয়ে দেয় জেলা প্রশাসন।

ব্যবসায়ীরা আরও জানান, বিষয়টি নিয়ে তাঁরা জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন এবং স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যস্থতার উদ্যোগও ফলপ্রসূ হয়নি। এ অবস্থায় তাঁরা দোকানগুলো খুলে দেওয়ার দাবিতে প্রধানমন্ত্রী এবং সিলেটের মন্ত্রী ও উপদেষ্টাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে জামিল আহমদ তাফাদার, মোহাম্মদ সানাজ, আল আমিন আহমদসহ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই বিষয়ে জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের বক্তব্য জানতে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দোকানের পজিশনের শর্ত ভঙ্গ, নামমাত্র ভাড়া এবং রাজস্ব আদায়ের স্বার্থেই নিয়ম অনুযায়ী দোকানগুলো সিলগালা করা হয়েছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad