ভ্রাম্যমাণ আদালতের অভিযান
ওসমানীনগরে ১২০ বস্তা সরকারি চাল জব্দ: ১ লাখ টাকা জরিমানা
সিলেটের ওসমানীনগর উপজেলায় একটি বিরিয়ানি হাউজ থেকে সরকারি খাদ্য সহায়তা কর্মসূচির (কাবিখা) বিপুল পরিমাণ চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় জড়িত থাকার দায়ে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় তাজপুর বাজারের ‘আয়ান অ্যান্ড ইয়াকুব বিরিয়ানি হাউজ’ থেকে ১২০ বস্তা চাল জব্দ করা হয়। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় এই অভিযান পরিচালনা করে। প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে, জব্দকৃত চালগুলো সরকারি ‘কাজের বিনিময়ে খাদ্য’ (কাবিখা) কর্মসূচির আওতাভুক্ত। অভিযানের পর এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট জমা দেওয়া হয়।
আজ রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন নাহার আশা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় চালের মালিক হিসেবে চিহ্নিত ব্যবসায়ী মাসুম আহমদ আবির চাল ক্রয়ের বৈধ লাইসেন্স দেখাতে ব্যর্থ হওয়ায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। তবে অভিযুক্ত ব্যবসায়ী মাসুম আহমদ আবির দাবি করেছেন, তিনি স্থানীয় এক জনপ্রতিনিধির কাছ থেকে এসব চাল বৈধভাবেই ক্রয় করেছিলেন এবং তাঁর লাইসেন্স প্রক্রিয়াধীন রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা জানান, সরকারি মালামালের অবৈধ মজুত বা অপব্যবহার রোধে প্রশাসনের নজরদারি অত্যন্ত কঠোর। এই ঘটনায় যথাযথ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ রহমান
মন্তব্য করুন: