সিলেটে আহবায়ক কমিটি নিয়ে শ্রমিকদের দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ: আহত ৪
Led Bottom Ad

সিলেটে আহবায়ক কমিটি নিয়ে শ্রমিকদের দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ: আহত ৪

প্রথম সিলেট প্রতিবেদন

২৭/০৪/২০২৬ ১৯:৪৩:৫০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুর ২টার দিকে কদমতলী এলাকায় দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরে অন্তত চারজন আহত হয়েছেন। বৃষ্টির মধ্যেই দীর্ঘ দুই ঘণ্টা চলা এই সংঘর্ষে পুরো টার্মিনাল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শ্রমিক সূত্রে জানা যায়, সুনামগঞ্জের জগন্নাথপুর রুটের পরিবহন শ্রমিক ইউনিয়নের এক নেতার মৃত্যুর পর নতুন আহ্বায়ক কমিটি গঠন নিয়ে বিরোধের সূত্রপাত। ওই কমিটিতে স্থান না পাওয়া একটি পক্ষ মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বে কার্যালয় দখলের চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে জকিগঞ্জ-জাফলং রুটের শ্রমিকদের সঙ্গে মিতালি পরিবহন, হবিগঞ্জ এক্সপ্রেস ও জগন্নাথপুর রুটের শ্রমিকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, শাহজাহানকে ধাওয়া দেওয়া হলে পরিস্থিতি দ্রুত অবনতি ঘটে এবং বিভিন্ন রুটের শ্রমিকরা একে অপরের ওপর হামলা ও বাস-কাউন্টার ভাঙচুর শুরু করে।

সংঘর্ষে আহতদের মধ্যে দুজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাফলং রুটের শ্রমিকদের অভিযোগ, কোনো বিরোধে জড়িত না থাকলেও মিতালি পরিবহনের শ্রমিকরা তাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে।

সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম জানান, ব্যক্তিগত বিরোধ থেকে শুরু হওয়া এই সংঘর্ষ পরে বিভিন্ন রুটে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও র‍্যাব ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেনাবাহিনীও এলাকায় অবস্থান নেয় বলে জানা গেছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মঞ্জুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহ্বায়ক কমিটি নিয়ে কার্যালয়ের ভেতরে কথা কাটাকাটি থেকে মারামারির সূত্রপাত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। বর্তমানে বিষয়টি সমাধানের জন্য উভয় পক্ষের মধ্যে আলোচনা চলছে এবং টার্মিনাল এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad