কানাইঘাটে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
Led Bottom Ad

কানাইঘাটে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি,কানাইঘাট

২৮/০৪/২০২৬ ২০:৪১:৩১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের কানাইঘাটে পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে ফারহানা বেগম (২৬) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৭ এপ্রিল) রাত ২টার দিকে উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বড়বন্দ প্রথম খণ্ড গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী সোহেল আহমদ পলাতক রয়েছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোহেল আহমদের সঙ্গে কয়েক বছর আগে জৈন্তাপুর উপজেলার নয়াখেল গ্রামের ফারহানা বেগমের বিয়ে হয়। তাঁদের সংসারে তিনটি সন্তান রয়েছে। ফারহানার পরিবারের দাবি, সোহেল মাদকাসক্ত ছিলেন এবং বিয়ের পর থেকেই ফারহানার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। নির্যাতনের কারণে দুদিন আগে ফারহানা বাবার বাড়িতে চলে গিয়েছিলেন। সোমবার রাতে সোহেল ও তাঁর এক চাচাতো ভাই ফারহানাকে বুঝিয়ে শ্বশুরবাড়ি থেকে নিজেদের বাড়িতে নিয়ে আসেন। এর কিছুক্ষণ পরই গভীর রাতে ঘরের ভেতর ফারহানাকে ছুরিকাঘাত করা হয়, যা তাঁর মৃত্যু নিশ্চিত করে।

নিহতের ভাই সেলিম উদ্দিন অভিযোগ করেন, সোহেল পরিকল্পিতভাবে তাঁর বোনকে বাড়ি থেকে নিয়ে গিয়ে হত্যা করেছেন। এর আগেও নির্যাতনের বিষয়ে একাধিকবার সালিশ-বৈঠক হয়েছে বলে তিনি জানান। খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফারহানা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযুক্ত সোহেল আহমদকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad