প্রধানমন্ত্রীর সিলেট আগমন উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রচার মিছিল
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সিলেট আগমনকে কেন্দ্র করে বর্ণাঢ্য প্রচার মিছিল ও পথসভা করেছে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে নগরীর রিকাবীবাজার পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব)-এর সভাপতিত্বে এবং সদস্য-সচিব আফসার খানের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। তিনি বলেন, “দেশনায়ক তারেক রহমানের এই সফর সিলেটবাসীর জন্য এক নতুন দিগন্তের উন্মোচন। দীর্ঘ ১৭ বছরের দুঃশাসন ও বঞ্চনার অবসান ঘটিয়ে তিনি প্রধানমন্ত্রী হিসেবে সিলেটে আসছেন। তাঁর এই আগমনে সিলেটের মানুষ নতুন আশার আলো দেখছে।”
সভাপতির বক্তব্যে ভিপি মাহবুব বলেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের প্রথম সিলেট সফর। তিনি আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে সিলেটের দীর্ঘদিনের অবহেলা ও পুঞ্জীভূত সমস্যাবলির সমাধান হবে। তিনি আগামী ২ মে’র সকল কর্মসূচি সফল করতে মহানগরীর ৪২টি ওয়ার্ড ও ৬টি জোনের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের নির্দেশ দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। এছাড়া মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাছুম রাজ্জাক রুমেল, যুগ্ম আহ্বায়ক আবদুল হাসিম জাকারিয়া, রুনু আহমেদসহ সংগঠনের জেলা ও মহানগরের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা থেকে আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় রেজিস্টারি মাঠ থেকে জেলা ও মহানগর বিএনপির যৌথ প্রচার মিছিলে সকল স্তরের নেতাকর্মীকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।
এ রহমান
মন্তব্য করুন: