সিলেটে ছাত্রদল নেতাকে হত্যাচেষ্টার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ১
সিলেটে একটি রিসোর্ট দখলকে কেন্দ্র করে বিরোধের জেরে ছাত্রদলের এক নেতাকে হত্যাচেষ্টার পরিকল্পনা নস্যাৎ করার দাবি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এ ঘটনায় পরিকল্পনার সঙ্গে জড়িত অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এসএমপি সূত্রে জানা গেছে, শাহপরান (রহ.) থানাধীন এক্সেলসিয়র সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট (জাকারিয়া সিটি) দখল নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে এক পক্ষ অপর পক্ষের নেতা রাহাত চৌধুরী ও তাঁর সহযোগীদের ওপর হামলা ও হত্যার পরিকল্পনা করে বলে অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, পরিকল্পনা বাস্তবায়নে সুজন নামের এক ব্যক্তিকে ভাড়া করা হয়। এ বিষয়ে মোবাইল ফোনে কথোপকথনের তথ্যও পাওয়া গেছে বলে দাবি পুলিশের।
খবর পেয়ে গত ২৮ এপ্রিল সন্ধ্যায় অভিযুক্ত ব্যক্তিরা রিসোর্টে প্রবেশের চেষ্টা করলে শাহপরান থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা সেখান থেকে সরে যান।
পরে ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে ৩০ এপ্রিল শাহপরান (রহ.) থানায় একটি মামলা করা হয়। মামলায় জড়িত অভিযোগে মাসুকুর রহমান (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আগে অন্য একটি মামলায় গ্রেপ্তার ছিলেন। এ মামলায় তাঁকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
এসএমপি কমিশনার বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা সজাগ রয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: