সিলেটে পরিবহন শ্রমিকদের সংঘর্ষে আহত শ্রমিকের মৃত্যু
সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতর আহত রিপন আহমদ (২২) মারা গেছেন। শনিবার (২ মে) বেলা সোয়া ১১টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত রিপন আহমদ গোলাপগঞ্জ উপজেলার উত্তর রনকেলি গ্রামের সাবু মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি বাসের সহকারীর (হেল্পার) কাজ করতেন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান।
উল্লেখ্য, সিলেট-জগন্নাথপুর রুটে চলাচলকারী বাস-মিনিবাস শ্রমিক সংগঠনের আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে গত ২৭ এপ্রিল কদমতলী বাস টার্মিনালে শ্রমিকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। দুপুর থেকে বিকেল পর্যন্ত দফায় দফায় চলা এই বহুমুখী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন শ্রমিক আহত হন। ওই দিনই গুরুতর আহত অবস্থায় রিপনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চার দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবহন শ্রমিকদের মধ্যে পুনরায় উত্তজনা দেখা দেওয়ার আশঙ্কায় টার্মিনাল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: