যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী
জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত দ্বিতীয় ‘ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরাম’ (আইএমআরএফ)-এ বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (৩ মে) ভোরে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হবেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সফরের বিষয়টি নিশ্চিত করেছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে প্রতিনিধি দলে রয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ। এ ছাড়া জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী নিউইয়র্কে এই প্রতিনিধি দলের সাথে যুক্ত হবেন। আগামী ৫ থেকে ৮ মে পর্যন্ত নিউইয়র্কস্থ জাতিসংঘ সদর দপ্তরে এই উচ্চপর্যায়ের ফোরামটি অনুষ্ঠিত হবে। এটি মূলত নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন বিষয়ক বৈশ্বিক চুক্তি বা ‘গ্লোবাল কম্প্যাক্ট ফর সেফ, অর্ডারলি অ্যান্ড রেগুলার মাইগ্রেশন’ (জিএমসি) বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার প্রধান আন্তঃসরকারি প্ল্যাটফর্ম।
সফর সূচি অনুযায়ী, ৫ ও ৬ মে মন্ত্রী ও তাঁর প্রতিনিধি দল বিভিন্ন গুরুত্বপূর্ণ রাউন্ড টেবিল বৈঠকে অংশ নেবেন। পরবর্তী দিনগুলোতে মূল অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় অভিবাসন ব্যবস্থাপনায় বাংলাদেশের অর্জন, চ্যালেঞ্জ এবং নিরাপদ অভিবাসন নিশ্চিতে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ বিশ্ববাসীর সামনে তুলে ধরবেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বৈশ্বিক এই ফোরামে বাংলাদেশের অংশগ্রহণ অভিবাসন খাতের উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। সফর শেষে আগামী ১১ মে সন্ধ্যায় মন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: