স্কটিশ পার্লামেন্ট নির্বাচনে প্রথম বাংলাদেশি নারী প্রার্থী সিলেটের আফিফা
স্কটল্যান্ডের মূলধারার রাজনীতিতে এক নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত বিশিষ্ট শিক্ষাবিদ ও কমিউনিটি নেত্রী আফিফা খানম। প্রথম বাংলাদেশি নারী হিসেবে আগামী ৭ মে অনুষ্ঠিতব্য স্কটিশ পার্লামেন্ট নির্বাচনে লেবার পার্টির প্রার্থী (এমএসপি) মনোনীত হয়েছেন তিনি। মিড ফাইফ ও গ্লেনরথিস আসন থেকে তাঁর এই প্রার্থিতা স্কটল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য একটি অনন্য মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের বারকোট এলাকায় জন্মগ্রহণকারী আফিফা খানম পেশায় একজন শিক্ষক। তিনি গ্লেনরথিস হাইস্কুলের সাবেক প্রিন্সিপাল টিচার এবং অকটার্ডার কমিউনিটি স্কুলের ডেপুটি হেডটিচার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৮২ সালে বিবাহসূত্রে স্কটল্যান্ডে পাড়ি জমানোর পর নানা চ্যালেঞ্জ অতিক্রম করে তিনি ইউনিভার্সিটি অব স্টার্লিং থেকে স্নাতক এবং এডুকেশনাল লিডারশিপে এমএসসি ডিগ্রি লাভ করেন। পেশাগত ও সামাজিক অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি স্কটিশ পার্লামেন্ট থেকে ‘পাবলিক সার্ভিস লিডারশিপ অ্যাওয়ার্ড’ এবং সম্প্রতি সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে ‘প্রবাসী সম্মাননা অ্যাওয়ার্ডে’ ভূষিত হন।
ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে বাংলাদেশ ও স্কটল্যান্ডের শিক্ষা বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই নেত্রী দীর্ঘ সময় ধরে শিক্ষকদের ট্রেড ইউনিয়ন ও মানবাধিকার কর্মকাণ্ডে সক্রিয়। এমএসপি নির্বাচিত হলে তিনি শিক্ষা উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, জীবনযাত্রার ব্যয় মোকাবিলা এবং পরিবহন ব্যবস্থার আধুনিকায়নকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার করেছেন।
আফিফা খানম বলেন, “প্রতিটি শিশুর মানসম্মত শিক্ষা পাওয়ার অধিকার রয়েছে। জনগণের সমর্থনে আমি একটি ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গড়তে চাই।”
মিড ফাইফ ও গ্লেনরথিস আসনের প্রায় ৫৫ হাজার ভোটারের এই লড়াইয়ে আফিফাসহ মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর এই অগ্রযাত্রা বিশ্বজুড়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করেছে।
এ রহমান
মন্তব্য করুন: