ওসমানী বিমানবন্দরে হজ ফ্লাইটের উদ্বোধন
সিলেট থেকে ৪১৯ যাত্রী নিয়ে প্রথম ফ্লাইট মদিনায়
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ২০২৬ সালের হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (৩ মে) রাত ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে মদিনার উদ্দেশে সিলেট ত্যাগ করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই হজ ফ্লাইটের উদ্বোধন করেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি শক্তিশালী ও মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যাওয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য। তিনি জানান, বিমানের নেটওয়ার্ক আরও বিস্তৃত করতে ইতোমধ্যে বোয়িং থেকে ১৪টি নতুন এয়ারক্রাফট ক্রয় করা হয়েছে এবং ভবিষ্যতে আরও বেশ কিছু উড়োজাহাজ বহরে যুক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে।
চলতি মৌসুমে সিলেট থেকে মোট সাতটি ডেডিকেটেড ফ্লাইটে ৩ হাজার ৩৯৪ জন হজযাত্রী সৌদি আরব যাবেন। এর মধ্যে একটি ফ্লাইট সরাসরি মদিনায় এবং বাকি ছয়টি ফ্লাইট জেদ্দা বিমানবন্দরে অবতরণ করবে। নির্ধারিত সূচি অনুযায়ী পরবর্তী ফ্লাইটগুলো আগামী ১৪, ১৫, ১৬, ১৮ মে এবং ১৭ মে (দুটি ফ্লাইট) মদিনা ও জেদ্দার উদ্দেশে উড্ডয়ন করবে। মোট হজযাত্রীদের মধ্যে ২ হাজার ৯৩৩ জন সরাসরি সিলেট থেকে এবং ৪৬১ জন ঢাকা হয়ে যাত্রা করবেন।
বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট জেলার ব্যবস্থাপক মো. শরীফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী এবং ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ। দোয়া পরিচালনা করেন হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আসজাদ। এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজে অংশ নিচ্ছেন।
এ রহমান
মন্তব্য করুন: