কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে অভিযানে হামলা: ৪ জনের কারাদণ্ড
Led Bottom Ad

কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে অভিযানে হামলা: ৪ জনের কারাদণ্ড

প্রথম সিলেট প্রতিবেদন

০৪/০৫/২০২৬ ২০:৩৮:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। অবৈধ বালু ব্যবসায়ীদের নিক্ষিপ্ত ইটপাটকেলের আঘাতে উপজেলা প্রশাসনের চার কর্মচারী আহত হয়েছেন। রবিবার (৩ মে) রাত ৮টার দিকে উপজেলার ধলাই ব্রিজের নিচে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। পরে স্থানীয় লোক ও পুলিশের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং ঘটনাস্থল থেকে চার হামলাকারীকে আটক করে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন—কোম্পানীগঞ্জের কলাবাড়ী এলাকার মো. তেরা মিয়া, দক্ষিণ কলাবাড়ীর মো. মাসুক, উত্তর কলাবাড়ীর মো. গিয়াস ও পারুয়া মাঝপাড়া এলাকার মো. মিসছবাহ উদ্দিন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ধলাই ব্রিজের নিচ থেকে রাতের অন্ধকারে ড্রেজার ও ট্রাক্টর দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযানে নামে প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া ও সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদারের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ট্রাক্টর জব্দ করে। ট্রাক্টর জব্দের পরপরই বালু উত্তোলনের সঙ্গে জড়িত প্রায় দুই থেকে তিনশ লোক দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে প্রশাসনের ওপর ঝাঁপিয়ে পড়ে। তাদের অতর্কিত হামলায় চার কর্মচারী রক্তাক্ত জখম হলেও ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) অল্পের জন্য প্রাণে রক্ষা পান।

খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ধাওয়া করে চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সরকারি কাজে বাধা দান ও হামলার অভিযোগে তাৎক্ষণিকভাবে তাদের সাজা প্রদান করা হয়।

ইউএনও মোহাম্মদ রবিন মিয়া জানান, ধলাই নদে বালু খেকোদের দমনে এই অভিযান চলমান ছিল এবং থাকবে। প্রশাসনের ওপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের ইতিমধ্যে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এই চক্রের মূল হোতাদের গ্রেফতারে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad