শাহজালাল (রহ.) মাজারের ওরসে প্রধানমন্ত্রীর উপহার
Led Bottom Ad

শাহজালাল (রহ.) মাজারের ওরসে প্রধানমন্ত্রীর উপহার

প্রথম সিলেট প্রতিবেদন

০৫/০৫/২০২৬ ০৯:৫৮:২৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের আধ্যাত্মিক সাধক হজরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম বার্ষিক ওরস মোবারক উপলক্ষে তবারক আয়োজনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে একটি গরু উপহার দেওয়া হয়েছে। সোমবার (৪ মে) বিকেলে এই উপহার মাজার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। সিলেট সিটি করপোরেশনের (সিসিক) জনসংযোগ শাখা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই উপহার পৌঁছে দেন সিসিক প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি মাজারের মোতওয়াল্লী সরেকওম ফতেউল্লাহ আল আমানের হাতে গরুটির রশি তুলে দেন। আগামী ৭ মে থেকে শুরু হতে যাওয়া ঐতিহাসিক এই ওরসের তবারক (শিরনি) বিতরণের কাজে এই উপহার ব্যবহার করা হবে।

উপহার হস্তান্তরকালে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পবিত্র এই ওরস উপলক্ষে শ্রদ্ধার নিদর্শনস্বরূপ এই গরু উপহার দেওয়া হয়েছে। ওরস উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখ লাখ ভক্ত ও আশেকানের নিরাপত্তা ও সেবায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।"

তিনি আরও জানান, মাজার এলাকায় সিটি করপোরেশনের চলমান উন্নয়নমূলক কাজ এবং ওরসের সার্বিক প্রস্তুতি তিনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। বিশেষ করে আগত দর্শনার্থীদের ওজু, গোসল ও স্যানিটেশনসহ বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে সিসিক কাজ করে যাচ্ছে। মাজার কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ ওরস সম্পন্ন করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন সিসিক প্রশাসক। এ সময় সিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad