সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১৮
সিলেট বিভাগে সন্দেহজনক হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সঙ্গে নতুন করে আক্রান্ত ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়তে থাকায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
সোমবার (৪ মে) রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়। এ নিয়ে চলতি সময়ে হাম-সংক্রান্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ জনে। এর মধ্যে ১৫ জন সন্দেহজনক হাম উপসর্গে এবং ৩ জন ল্যাবে নিশ্চিত হাম রোগে মারা গেছেন।
মৃত দুই শিশু হলো সিলেটের বিশ্বনাথ উপজেলার সরতীশ এলাকার ৬ মাস বয়সী ওমর এবং সুনামগঞ্জের দিরাই উপজেলার দরপুর গ্রামের ৫ মাস বয়সী প্রিয়ম সরকার।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৩ জন রোগী হাম উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে একজনের শরীরে নতুন করে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম ও রুবেলায় আক্রান্তের সংখ্যা ১২৮ জন। এর মধ্যে হবিগঞ্জে ৮ জন, মৌলভীবাজারে ১৬ জন, সুনামগঞ্জে ৬৪ জন এবং সিলেট জেলায় ৪০ জন আক্রান্ত হয়েছেন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে প্রায় ২০০ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে সর্বোচ্চ ৮৩ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে নজরদারি জোরদার করা হয়েছে এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসা নিশ্চিতের পাশাপাশি প্রতিরোধমূলক কার্যক্রম চলমান রয়েছে। বিশেষজ্ঞরা শিশুদের সময়মতো টিকা নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন।
এ অবস্থায় সিলেট বিভাগে হাম সংক্রমণ ও মৃত্যুর ঘটনা জনমনে উদ্বেগ বাড়াচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ডি আর ডি
মন্তব্য করুন: