শাবিপ্রবিতে শিক্ষার্থীকে হেনস্তা: হলের এক ছাত্রীর আসন বাতিল
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক নারী শিক্ষার্থীকে শারীরিক ও মৌখিকভাবে হেনস্তা করার অভিযোগে রাজিয়া পারভীন নামে এক শিক্ষার্থীর আবাসিক হলের আসন বাতিল করেছে হল প্রশাসন। সোমবার (৪ মে) রাতে ফাতিমা-তুজ-জাহরা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ইসমত আরা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আদেশ দেওয়া হয়।
আসন বাতিল হওয়া রাজিয়া পারভীন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। অভিযোগকারী শিক্ষার্থী নোশিন তাবাসসুম নিহা বিশ্ববিদ্যালয়ের ১০৪ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, রাজিয়া পারভীনের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ এনে সোমবার সকালে হলের ৮০ জন শিক্ষার্থী স্বাক্ষরিত একটি স্মারকলিপি হল প্রশাসনের কাছে জমা দেওয়া হয়। অভিযোগের ভিত্তিতে ওই দিনই হল প্রশাসন একটি জরুরি সভা আহ্বান করে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় রাজিয়া পারভীনের আসন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। আদেশে তাকে আগামী ৬ মে-র মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে এবং ৭ মে থেকে তিনি কোনোভাবেই হলে অবস্থান করতে পারবেন না বলে জানানো হয়।
হল প্রশাসনের পক্ষ থেকে সহকারী প্রাধ্যক্ষ হোসনে আরা চৌধুরী জানান, “রাজীয়া পারভীনের বিরুদ্ধে হলের ৮০ জন শিক্ষার্থী গণস্বাক্ষর দিয়েছেন। তদন্তে সবার বক্তব্য শুনে এবং তথ্য-প্রমাণের ভিত্তিতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থী রাজিয়া পারভীনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। প্রশাসনের এই দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন হলের আবাসিক শিক্ষার্থীরা।
এ রহমান
মন্তব্য করুন: