৯১ লাখ টাকার প্লান্টেও মিলছে না সুরাহা
শাবিপ্রবির বিজয়-২৪ হলে তীব্র পানি সংকট
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিজয়-২৪ হলের পাঁচ শতাধিক আবাসিক শিক্ষার্থী দীর্ঘদিন ধরে তীব্র পানি সংকটে ভুগছেন। ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনের তিন বছর পার হলেও হলের আয়রনযুক্ত লালচে পানির সমস্যা মেটেনি। এতে করে শিক্ষার্থীদের চুল পড়া, চর্মরোগ ও ব্যবহার্য কাপড় নষ্ট হওয়ার মতো নানা সমস্যা দেখা দিচ্ছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৩ সালের আগস্টে প্রায় ৯১ লাখ টাকা ব্যয়ে ক্যাম্পাসে দুটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করা হয়। এর মধ্যে শাহপরান হল সংলগ্ন প্লান্টটি থেকে বিজয়-২৪ হলসহ ১০টি স্থাপনায় পানি সরবরাহ করার কথা ছিল। শুরুতে এটি কার্যকর থাকলেও বর্তমানে পানির স্তর নিচে নেমে যাওয়ায় প্লান্টটি পূর্ণক্ষমতায় কাজ করতে পারছে না। বর্তমানে এটি থেকে কেবল শাহপরান হল ও কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় পানি দেওয়া হচ্ছে, যার ফলে পুরোপুরি বঞ্চিত হচ্ছে বিজয়-২৪ হলের শিক্ষার্থীরা।
বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থী হিমেল হান্নান জানান, হলের ট্যাপ দিয়ে মাঝেমধ্যে অতিরিক্ত আয়রণযুক্ত ময়লা পানি আসে। বিশেষ করে জুমার নামাজের আগে বা ব্যস্ত সময়ে পানির সংকট প্রকট আকার ধারণ করে। অনেক সময় পরিষ্কার পানির জন্য এক ব্লক থেকে অন্য ব্লকে ছুটতে হয় শিক্ষার্থীদের।
সমস্যার কথা স্বীকার করে বিজয়-২৪ হলের প্রভোস্ট অধ্যাপক ড. খালিদুর রহমান বলেন, "হলের পানির স্থায়ী সমাধানের জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটি গভীর নলকূপ স্থাপনের আবেদন করেছি। বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন। এটি বাস্তবায়ন হলে আশা করি শিক্ষার্থীদের এই দুর্ভোগ আর থাকবে না।"
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী জানান, বিজয়-২৪ হলের আবেদনটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে সেখানে গভীর নলকূপ স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিকল্প ব্যবস্থা হিসেবে আপাতত সৈয়দ মুজতবা আলী হলের ওয়াটার প্লান্ট থেকে শাহপরান হয়ে বিজয়-২৪ হলে পানি সরবরাহের চেষ্টা চলছে।
এদিকে প্লান্টের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা প্রধান প্রকৌশলী জয়নাল ইসলাম চৌধুরীর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
এ রহমান
মন্তব্য করুন: