সিলেট বিভাগে বন্যায় ধানের ক্ষতির পরিমাণ ৬০৬ কোটি টাকা ছাড়াল
Led Bottom Ad

সিলেট বিভাগে বন্যায় ধানের ক্ষতির পরিমাণ ৬০৬ কোটি টাকা ছাড়াল

প্রথম সিলেট প্রতিবেদন

০৮/০৫/২০২৬ ১১:৪৬:২৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

টানা অতিবৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে সিলেট বিভাগের চার জেলায় বোরো ধানের অপূরণীয় ক্ষতি হয়েছে; কৃষি বিভাগের সর্বশেষ হিসাব অনুযায়ী, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেটে বন্যায় তলিয়ে যাওয়া ফসলের আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬০৬ কোটি ৮২ লাখ ৭২ হাজার টাকা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এবারের দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলা। হবিগঞ্জে ১ লাখ ২৩ হাজার ৬৪৪ হেক্টর আবাদের মধ্যে ১১ হাজার ৬৫২ হেক্টর জমি পানির নিচে তলিয়ে গেছে, যার আর্থিক মূল্য ২১১ কোটি ৮১ লাখ টাকার বেশি এবং কাটার পর ধান শুকাতে না পারায় আরও ১৩৪ কোটি টাকার ফসল নষ্ট হয়েছে; ফলে এই এক জেলাতেই মোট ক্ষতির পরিমাণ ৩ ৪৫ কোটি ৮২ লাখ টাকা ছাড়িয়েছে। হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক দ্বীপক কুমার পাল জানান, ক্ষতিগ্রস্ত ২৩ হাজার ৯০৪ জন কৃষককে সরকারি সহায়তার আওতায় আনার কাজ চলছে।

এদিকে সুনামগঞ্জে ২ লাখ ২৩ হাজার ৫১১ হেক্টর জমির আবাদের মধ্যে ১৬ হাজার ৩৯৫ হেক্টর জমির ফসল চূড়ান্তভাবে নষ্ট হয়ে গেছে, যার আর্থিক ক্ষতি প্রায় ১৯৬ কোটি টাকা। সুনামগঞ্জের জেলা প্রশাসক (রুটিন দায়িত্ব) সমর কুমার পাল জানান, জেলায় ৫০ হাজার ৯১৩টি কৃষক পরিবারের প্রায় ২ লাখ ৫৭ হাজার মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

মৌলভীবাজার ও সিলেট জেলাতেও উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে; মৌলভীবাজারে ৩ হাজার ৫০০ হেক্টর জমির ধান নষ্ট হয়ে প্রায় ৫০ কোটি টাকার এবং সিলেটে ৬৯২ হেক্টর জমির ধান তলিয়ে ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে উপ-পরিচালক মো. জালাল উদ্দিন ও মো. শামসুজ্জামান নিশ্চিত করেছেন। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ইতোমধ্যে কৃষকদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে এবং সরকারি নির্দেশনায় দ্রুত ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিচ্ছে স্থানীয় প্রশাসন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad