কাটল অনিশ্চয়তা
সিলেটে ১০ মে শুরু হচ্ছে প্রকাশক পরিষদের বইমেলা
দীর্ঘ প্রতীক্ষা আর নানা নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে আগামী ১০ মে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হতে যাচ্ছে ‘প্রকাশক পরিষদ, সিলেট’ আয়োজিত বইমেলা। আইনশৃঙ্খলা পরিস্থিতির অজুহাতে পুলিশ আগে অনুমতি বাতিল করলেও সম্প্রতি সেই আপত্তি তুলে নেওয়ায় মেলার দুয়ার উন্মোচিত হলো।
গত ২৪ এপ্রিল এই মেলা শুরু হওয়ার কথা থাকলেও উদ্বোধনের ঠিক আগের রাতে এক রহস্যজনক সিদ্ধান্তে সিলেট মহানগর পুলিশ (এসএমপি) মেলার অনুমোদন বাতিল করে দিয়েছিল, যা নিয়ে দেশ-বিদেশে সংস্কৃতিপ্রেমীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও উদ্বেগের সৃষ্টি হয়।
জানা গেছে, মেলার আয়োজক কিছু প্রকাশনা সংস্থার বিরুদ্ধে রাজনৈতিক ঘনিষ্ঠতার কথিত অভিযোগ তুলে একটি গোষ্ঠী পুলিশ কমিশনারের কাছে মেলা বন্ধের দাবি জানিয়েছিল; তবে তদন্তে সেই অভিযোগের সত্যতা না মেলায় পুলিশ প্রশাসন পুনরায় মেলা আয়োজনের সবুজ সংকেত দেয়।
প্রকাশক পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক সুফি সুফিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার তাঁদের আমন্ত্রণ জানিয়ে মেলা করার তাগিদ দিয়েছেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন; পাশাপাশি স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকও এই সৃজনশীল আয়োজনে পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন।
উল্লেখ্য, ১০ মে শুরু হয়ে এই মেলা চলবে আগামী ১৮ মে পর্যন্ত, যেখানে প্রতিদিন লেখক, পাঠক ও সংস্কৃতিসেবীদের মিলনমেলা বসবে বলে আশা করছেন আয়োজকরা। গত বছরও একই ধরনের অজুহাতে মেলা বাতিলের স্মৃতি কাটিয়ে নির্বাচিত সরকারের আমলে শেষ পর্যন্ত মুক্তবুদ্ধি ও সৃজনশীলতার এই জয়কে ইতিবাচক হিসেবে দেখছেন সিলেটের সচেতন নাগরিক সমাজ।
এ রহমান
মন্তব্য করুন: