সিলেটের বাইশটিলায় ‘নিশ্চুপ প্রকৃতি’ ঘিরেই গড়ে উঠছে বিশাল পর্যটন-হাব
Led Bottom Ad

সিলেটের বাইশটিলায় ‘নিশ্চুপ প্রকৃতি’ ঘিরেই গড়ে উঠছে বিশাল পর্যটন-হাব

প্রথম সিলেট প্রতিবেদন

১০/০৫/২০২৬ ১২:৫০:৪৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যকে অক্ষত রেখে পাঁচট টিলা ও একটি সুবিশাল জলাশয় মিলিয়ে মোট ৪০ একর জায়গাজুড়ে বাস্তবায়িত হচ্ছে ‘বাইশটিলা ন্যাচারাল পার্ক’ প্রকল্প। জেলা পরিষদের তত্ত্বাবধানে গৃহীত এই ‘দিনব্যাপী প্রাকৃতিক অবকাশ যাপন কেন্দ্র’ প্রকল্পের প্রথম ধাপের কাজ ইতিমধ্যে ৮০ ভাগ শেষ হয়েছে। সম্প্রতি প্রকল্পের অগ্রগতি ও নকশা সরেজমিনে পরিদর্শন করেছেন সরকারের পাট, বস্ত্র ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

বিশিষ্ট স্থপতি রাজন দাশের নকশায় তৈরি এই প্রকল্পের মূল বৈশিষ্ট্য হলো প্রকৃতির কোনো ক্ষতি না করে পর্যটন সুবিধা নিশ্চিত করা। প্রকল্পের অন্যতম আকর্ষণ হলো একটি বিচ্ছিন্ন টিলা, যাকে স্থপতি ‘নিঃসঙ্গ টিলা’ হিসেবে অভিহিত করেছেন। জলাশয়ের এক পাড় থেকে নৌকায় করে বিপরীত পাড়ের ল্যান্ডিং ডেকে নামার পর টিলার খাঁজে খাঁজে তৈরি করা বসার জায়গাগুলো থেকে পর্যটকরা প্রকৃতির শোভা উপভোগ করতে পারবেন। বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে জানান, আগামীতে পুরো এলাকাটিকে একটি আধুনিক ‘পর্যটন-হাব’ হিসেবে গড়ে তোলা হবে।

প্রকল্পের পরিকল্পনায় ঋতুভেদে প্রকৃতির বৈচিত্র্য তুলে ধরতে আলাদাভাবে বর্ষা ও বসন্তের গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। বর্তমানে আকাশমণি গাছের আধিপত্য থাকলেও, দ্বিতীয় ধাপে সিলেটের স্থানীয় বৃক্ষ ও গুল্ম রোপণে গুরুত্ব দেওয়া হচ্ছে। এখানে রাত্রিযাপনের ব্যবস্থা না থাকলেও পর্যটকদের জন্য হালকা খাবারের কিচেন, রেস্টরুম এবং বিনোদনের জন্য ঝিলের মাঝে ঝুলন্ত সেতু ও বড়শি দিয়ে মাছ ধরার সুযোগ থাকছে। দ্বিতীয় পর্যায়ে ক্যাবল-কার, শিশুদের রাইড, অ্যাম্পিথিয়েটার এবং রিসোর্ট নির্মাণের মাধ্যমে বাইশটিলাকে একটি পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্রে রূপান্তরের মাস্টারপ্ল্যান করা হয়েছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad