মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন সিলেটের মাহিদুর রহমান মাহিদ
বর্তমান সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণের গুঞ্জনের মধ্যেই নতুন এক চমক হয়ে আসছেন সিলেটের আরও এক নেতা। প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর মন্ত্রিসভার আকার বাড়ানোর পরিকল্পনা করেছেন এবং সেখানে টেকনোক্র্যাট কোটায় স্থান পেতে যাচ্ছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান মাহিদ। এই খবরটি ছড়িয়ে পড়ার পর সিলেট ও মৌলভীবাজারের রাজনৈতিক মহলে বইছে আনন্দের ঢেউ। বাজেট অধিবেশনের আগেই এই সম্প্রসারণ প্রক্রিয়া সম্পন্ন হতে পারে বলে দলীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে।
মৌলভীবাজারের কৃতি সন্তান মাহিদুর রহমান মাহিদ দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে বিএনপির রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। তিনি দুই দফায় দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং ব্রিটেন, ইউরোপ ও আমেরিকায় একজন বলিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। বিগত স্বৈরাচারী সরকারের আমলে প্রবাসে হাসিনাবিরোধী আন্দোলনে তাঁর আপসহীন ও সাহসী ভূমিকা ছিল সর্বজনবিদিত। দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে ২০২৪ সালের নভেম্বরে তিনি দেশে ফিরে আসেন। তাঁর অন্তর্ভুক্তির বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, প্রধানমন্ত্রী দেশ ও সরকারের স্বার্থ বিবেচনা করেই মন্ত্রিসভায় যোগ্য ব্যক্তিদের স্থান দিচ্ছেন।
বর্তমানে তারেক রহমানের মন্ত্রিসভায় সিলেট বিভাগ থেকে খন্দকার আবদুল মুক্তাদির (পাট, বস্ত্র ও বাণিজ্যমন্ত্রী) এবং আরিফুল হক চৌধুরী (প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী) গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে রয়েছেন সিলেটের হুমায়ূন কবীর। মাহিদুর রহমান মাহিদ যুক্ত হলে মন্ত্রিসভায় সিলেটের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হবে।
এ প্রসঙ্গে মাহিদুর রহমান মাহিদ জানান, বিষয়টি তিনিও শুনেছেন এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেতা তারেক রহমানের ওপরই নির্ভর করছে।
এ রহমান
মন্তব্য করুন: