কোম্পানীগঞ্জে তাঁতীদল নেতাদের নামে ‘হয়রানিমূলক’ মামলার প্রতিবাদ
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা তাঁতীদলের যুগ্ম আহবায়কসহ চার নেতাকর্মীর নামে বালু-পাথর চুরির মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে উপজেলা তাঁতীদল। গত ৭ মে ইউনিয়ন ভূমি সহকারী কর্তৃক দায়েরকৃত এই মামলাটিকে ‘ভিত্তিহীন ও রাজনৈতিক প্রতিহিংসামূলক’ বলে দাবি করেছেন সংগঠনটির স্থানীয় নেতারা।
গত শনিবার (৯ মে) উপজেলা তাঁতীদলের আহ্বায়ক তাজ উদ্দিন আহমদ ও সদস্য সচিব আরিফ চৌধুরী রাজ স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে জানানো হয়, রাজনৈতিক উদ্দেশ্যে স্থানীয় নেতাকর্মীদের কণ্ঠরোধ করতে এই সাজানো মামলা দায়ের করা হয়েছে। প্রতিবাদ লিপিতে উল্লেখ করা হয়, মামলার ঘটনার সাথে তাঁতীদলের নেতাদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। একজন সরকারি কর্মকর্তার কাছ থেকে সাধারণ জনগণকে সেবার পরিবর্তে এমন হয়রানিমূলক আচরণ অত্যন্ত অনভিপ্রেত ও দুঃখজনক।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, গত ৭ মে দায়ের করা এই মামলায় উপজেলা তাঁতীদলের তিনজন যুগ্ম আহ্বায়ক এবং পূর্ব ইসলামপুর ইউনিয়ন তাঁতীদলের সভাপতিকে আসামী করা হয়েছে। তাঁরা আশা প্রকাশ করেন যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অতি দ্রুত এই হয়রানিমূলক মামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে নেতাকর্মীদের অব্যাহতি দেবেন। অন্যথায় ন্যায়বিচারের স্বার্থে আইনগত ও সাংগঠনিকভাবে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: