‘ইসলামের নামে পরকীয়া,গরু চুরি করে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয়’
Led Bottom Ad

ওসমানীনগরে হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

‘ইসলামের নামে পরকীয়া,গরু চুরি করে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয়’

নিজস্ব প্রতিনিধি, ওসমানীনগর

১০/০৫/২০২৬ ১৫:৫৭:৫৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

কুরআন-হাদিসের অপব্যাখ্যা এবং ‘আউল-ফাউল’ বক্তাদের নিয়ন্ত্রণ ছাড়া দেশে প্রকৃত ইসলামি পরিবেশ বা শরিয়াহভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সভাপতি ও সাবেক সংসদ সদস্য হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। তিনি বলেন, ধর্মকে ব্যবহার করে ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থ হাসিলের প্রবণতা সমাজে বিভ্রান্তি তৈরি করছে।


শনিবার (৯ মে) দুপুরে ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার এলাকার একটি পার্টি সেন্টারে উপজেলা আল ইসলাহ আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, “যারা শরিয়াহভিত্তিক রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখেন, তাদের আগে আউল-ফাউলদের বক্তব্য নিয়ন্ত্রণ করতে হবে। ইসলামের সাইনবোর্ড ব্যবহার করে যারা গরু চুরি, পরকীয়া কিংবা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত, তারা ইসলামের কল্যাণ করতে পারে না।”


তিনি বলেন, সমাজে নৈতিক অবক্ষয় উদ্বেগজনকভাবে বাড়ছে। “বোর্ডিংয়ের শিক্ষার্থী কিংবা মসজিদের মুসল্লিরাও এখন নিরাপদ নয়। সমাজকে এ অবক্ষয় থেকে মুক্ত করাই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদের প্রধান দায়িত্ব হওয়া উচিত।”


বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে কিছু আলেমের ভূমিকারও সমালোচনা করেন আল ইসলাহ সভাপতি। তাঁর ভাষ্য, রাজনৈতিক ও ক্ষমতার স্বার্থে ধর্মীয় বক্তব্যের অপব্যবহার করা হচ্ছে এবং সাধারণ মানুষের আবেগকে কাজে লাগানো হচ্ছে।


তিনি আরও অভিযোগ করেন, কিছু আলেম কুরআনের অপব্যাখ্যা দিয়ে বিভিন্ন বিতর্কিত বিষয়কে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন। একই সঙ্গে মাদরাসা শিক্ষার্থীদের ধর্মীয় পরিচয় ও সংস্কৃতি ক্ষতিগ্রস্ত করারও চেষ্টা চলছে বলে মন্তব্য করেন তিনি।


উপমহাদেশে ইসলামের প্রসারে ওলি-আউলিয়াদের অবদান স্মরণ করে তিনি বলেন, আউলিয়ায়ে কেরামের মাধ্যমেই এ অঞ্চলের মানুষ সহিহ ইসলামের শিক্ষা পেয়েছে। বিভ্রান্তি থেকে ফিরে সঠিক ইসলামের পথে আসার আহ্বানও জানান তিনি।


উপজেলা আল ইসলাহর সভাপতি মাওলানা এম এ রবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন গজনবীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ আজাদ আলী।


সম্মেলনে আরও বক্তব্য দেন মাওলানা এ কে এম মনোয়র আলী, ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, মাওলানা বেলাল আহমদ ও মাওলানা আবু জাফর মোহাম্মদ নোমান। অনুষ্ঠানে স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মী এবং আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad