সিলেটে শুরু হবে ১০ লাখ গাছ রোপণ, খাল খনন কাজ করবে ৫০ হাজার মানুষ
সিলেটের পরিবেশ সুরক্ষা, সেচ সুবিধা বৃদ্ধি এবং জলাবদ্ধতা নিরসনে এক নজিরবিহীন কর্মযজ্ঞের ঘোষণা দিয়েছেন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম। তিনি জানিয়েছেন, সিলেটে একটি নির্দিষ্ট দিনে জেলার অন্তত ৫০ হাজার মানুষ একযোগে খাল খনন কর্মসূচিতে অংশ নেবেন এবং ওই একই দিনে জেলায় ১০ লাখ গাছ রোপণের বিশাল লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
রোববার (১০ মে) জেলা প্রশাসকের কার্যালয়ে দেশব্যাপী খাল খনন ও বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত এক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। ডিসি জানান, এই কর্মসূচি সফল করতে উপজেলা পর্যায়ে দ্রুত কমিটি গঠন করা হবে এবং আগামী এক সপ্তাহের মধ্যে খাল খনন ও বৃক্ষরোপণের স্থানসমূহ চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার এই প্রকল্পকে সফল করতে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। তিনি আরও উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমান জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের অর্থনীতি ও জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
উল্লেখ্য, কৃষিজমিতে সেচ সুবিধা ও বন্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে ২০২৬ সালের ১৬ মার্চ থেকে দেশব্যাপী এই কর্মসূচি শুরু করেছে সরকার। গত ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে ‘বাসিয়া খাল’ খনন কর্মসূচির উদ্বোধন করেন। আগামী পাঁচ বছরে সারাদেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের সরকারি পরিকল্পনার একটি বড় অংশ সিলেটে বাস্তবায়িত হবে। সভায় সংসদ সদস্য এম এ মালিক, মুফতি আবুল হাসান, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি শহিদ আহমদ, অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন এবং সিনিয়র সাংবাদিক আফতাব চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ রহমান
মন্তব্য করুন: