গোলাপগঞ্জে ফিল্মি স্টাইলে ২০ লাখ টাকা ছিনতাই
সিলেটের গোলাপগঞ্জে দিনে-দুপুরে ফিল্মি কায়দায় একটি সিএনজি অটোরিকশা থামিয়ে ২০ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (১১ মে) দুপুর তিনটার দিকে গোলাপগঞ্জ পৌর এলাকার দাঁড়িপাতন চত্বরে এই দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির গোলাপগঞ্জ শাখা থেকে রাজাগঞ্জ ইসলামী এজেন্ট ব্যাংকের জন্য ২০ লাখ টাকা উত্তোলন করেন ব্যাংক স্টাফ মোহাম্মদ আলী ও সাফওয়ান আহমদ। টাকা নিয়ে তাঁরা সিএনজিযোগে রানাপিং হয়ে রাজাগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। সিএনজিটি দাঁড়িপাতন এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে আসা একদল সশস্ত্র দুর্বৃত্ত তাঁদের গতিরোধ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে একটি মোটরসাইকেল সিএনজির সামনে এসে গতিরোধ করে এবং মুহূর্তেই আরও দুটি মোটরসাইকেল এসে যোগ দেয়। দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র প্রদর্শন করে প্রাণনাশের ভয় দেখিয়ে সাফওয়ান আহমদের কাছ থেকে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত চম্পট দেয়।
ভুক্তভোগী মোহাম্মদ আলী বলেন, "আমরা কিছু বুঝে ওঠার আগেই মোটরসাইকেল আরোহীরা আমাদের ঘিরে ফেলে। অস্ত্রের মুখে জিম্মি করে চোখের পলকে টাকা নিয়ে তারা পালিয়ে যায়।" গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে এবং অপরাধীদের শনাক্ত করতে পুলিশি তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, সিলেটে সাম্প্রতিক সময়ে ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। গত শুক্রবারও দক্ষিণ সুরমার লালমাটিয়ায় বিএনপি নেতা নাসিম হোসাইনের ৫০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ঘটনায় ৯ জনকে গ্রেফতার করা হলেও এখন পর্যন্ত লুণ্ঠিত টাকা উদ্ধার করা সম্ভব হয়নি। একের পর এক বড় অংকের ছিনতাইয়ের ঘটনায় সিলেটের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।
এ রহমান
মন্তব্য করুন: