সিলেটে এবার ইসলামী ব্যাংকের অ্যাপ থেকে ১ লাখ ৪৭ হাজার টাকা গায়েব
সিলেটে ব্র্যাক ব্যাংকের পর এবার ইসলামী ব্যাংকের অ্যাপ ব্যবহার করে গ্রাহকের অজান্তেই ১ লাখ ৪৭ হাজার টাকা সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শহরতলীর শাহপরান এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী মাজেদ আহমদ এই জালিয়াতির শিকার হয়েছেন। সোমবার (১১ মে) তিনি ইসলামী ব্যাংক শাহপরান শাখা ব্যবস্থাপক এবং ব্যাংকের নির্বাহী পরিচালক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।
ভুক্তভোগী মাজেদ আহমদ জানান, তাঁর অ্যাকাউন্টে থাকা ১ লাখ ৪৭ হাজার টাকা গত ৩ মে তাঁর অনুমতি ছাড়াই ‘সেলফিন’ অ্যাপসের মাধ্যমে তিনটি ধাপে স্থানান্তর করা হয়। স্টেটমেন্ট অনুযায়ী, ডাচ-বাংলা ব্যাংকের ‘জান্নাত এন্টারপ্রাইজ’ নামক একটি হিসেবে (নম্বর-৩৩৮১১০০৪৭৯১৯১) দুইবার ৫০ হাজার টাকা এবং একবার ৪৭ হাজার টাকা পাঠানো হয়েছে। আশ্চর্যের বিষয় হলো, এই লেনদেনের সময় তাঁর মোবাইলে কোনো ওটিপি (OTP) আসেনি, কেবল একটি পিন এসেছিল। তাঁর দাবি, তাঁর মোবাইল বা ডিভাইস হ্যাক না হওয়া সত্ত্বেও কীভাবে এই অর্থ স্থানান্তর হলো, তা রহস্যজনক।
ইসলামী ব্যাংক শাহপরান শাখার ব্যবস্থাপক আশরাফ উদ্দিন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি প্রধান কার্যালয়ে পাঠানো হবে। তবে অর্থ স্থানান্তরের বিষয়ে তিনি মন্তব্য করেন যে, গ্রাহকের মোবাইল বা অ্যাপ অন্য কেউ ব্যবহার করেছেন কি না, তা গ্রাহকই ভালো বলতে পারবেন।
উল্লেখ্য, এর আগে গত মার্চ মাসে সিলেটে ব্র্যাক ব্যাংকের অ্যাপ হ্যাক করে ৩ লাখ টাকা সরিয়ে নেওয়ার অভিযোগ করেছিলেন নগরীর আম্বরখানার বাসিন্দা ইসমাইল হোসেন আজাদ চৌধুরী। একের পর এক ব্যাংক জালিয়াতির ঘটনায় সিলেটের সাধারণ গ্রাহকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে।
এ রহমান
মন্তব্য করুন: