সিলেটে ৫ লাখ টাকার জালনোটসহ চক্রের ৪ সদস্য আটক
সিলেটের শাহজালাল (রহ.) মাজার গেট ও বন্দরবাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫ লাখ ২০ হাজার ৭০০ টাকার জালনোটসহ একটি চক্রের চার সদস্যকে আটক করেছে র্যাব-৯। বুধবার (১৩ মে) দুপুরে র্যাবের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ এই তথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন—গুরু চাঁদ বালা (৩৮), শফিকুল ইসলাম (৩৫), মো. সোহাগ সরদার (৩৩) ও মো. রাশেদ মিয়া (৩০)। র্যাব জানায়, মঙ্গলবার (১২ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে মাজার গেট এলাকা থেকে একজনকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ১টার দিকে বন্দরবাজারের লালবাজার এলাকার 'হোটেল আলী' নামক একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে বাকি তিনজনকে আটক করা হয়। এ সময় তাঁদের হেফাজত থেকে বিপুল পরিমাণ জালনোট উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, তাঁরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় জালনোট সরবরাহ ও বাজারজাত করে আসছিল। চক্রটি বিশেষ করে জনবহুল বাজার ও ছোট ছোট দোকানকে লক্ষ্য করে কম মূল্যের পণ্য কিনে বড় অংকের জালনোট দিত এবং দোকানিদের কাছ থেকে আসল টাকা ভাঙতি হিসেবে নিয়ে প্রতারণা করত। র্যাব কর্মকর্তা জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তার করতে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: