ডুয়েটের নতুন ভিসি শাবি অধ্যাপক মোহাম্মদ ইকবাল
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ডুয়েট আইন ২০০৩-এর ১০(১) ধারা অনুযায়ী তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
ড. মোহাম্মদ ইকবাল বর্তমানে সিলেটের নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসরের আগ পর্যন্ত—যেটি আগে হবে—সেই সময় পর্যন্ত কার্যকর থাকবে।
শাবিপ্রবির আইপিই বিভাগের প্রতিষ্ঠাতা শিক্ষক ড. ইকবাল টানা ১৩ বছর বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিনও ছিলেন।
তিন দশকের বেশি সময় ধরে শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত এই অধ্যাপক মেকানিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ও পরিবেশবিজ্ঞান বিষয়ে কাজ করে আসছেন। দেশি-বিদেশি বিভিন্ন জার্নালে তাঁর গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
এ ছাড়া তিনি ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) সিলেট কেন্দ্রের সাধারণ সম্পাদক এবং আইইওএম সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: