ফুটপাতে ব্যবসার দাবিতে সিলেটে হকারদের বিশাল বিক্ষোভ
সিলেট নগরীর ফুটপাতে ব্যবসার সুযোগ দেওয়ার দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তৃণমূল হকার ঐক্য কল্যাণ পরিষদ। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে নগরীর রেজিস্টারি মাঠ থেকে শুরু হওয়া এই মিছিলে হাজার হাজার হকার অংশগ্রহণ করেন। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিটি পয়েন্টে এসে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় আন্দোলনরত হকাররা ‘ভাত দে, কাজ দে, নইলে হকার বসতে দে’ এবং ‘রুটি-রুজির সংগ্রাম, চলছেই চলবে’ সহ বিভিন্ন স্লোগান দিয়ে রাজপথ মুখরিত করে তোলেন।
সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রশাসনের ধারাবাহিক উচ্ছেদ ও কড়াকড়িতে তাঁদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে জীবন-জীবিকার তাগিদে বিকেল ৫টার পর সরকারি অফিস-আদালত বন্ধ হওয়ার পর ফুটপাতে বসে ব্যবসা করার অনুমতি চান তাঁরা। হকার নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যতক্ষণ পর্যন্ত স্থায়ী কোনো সমাধান বা ব্যবসার সুযোগ না মিলবে, ততক্ষণ পর্যন্ত রাজপথে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়া হবে। তাঁরা বৈষম্যহীন বাংলায় হকারদের ওপর দমন-পীড়ন বন্ধ করে মানবিক দৃষ্টিকোণ থেকে ব্যবসার অনুমতি দেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
তৃণমূল হকার ঐক্য কল্যাণ পরিষদের আহ্বায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব রুহুল আমিন রুবেলের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন খলিল মিয়া, আওয়াল হোসেন, মিজানুর রহমান, নাসির হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা অভিযোগ করেন, হকাররা প্রতিনিয়ত প্রশাসনের নির্যাতন ও গ্রেপ্তারের শিকার হচ্ছেন, যা তাঁদের চরম অভাবের দিকে ঠেলে দিচ্ছে। উদ্ভূত পরিস্থিতি নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন বলে জানান তাঁরা।
এ রহমান
মন্তব্য করুন: