বিছনাকান্দিতে গোসলে নেমে শাবিপ্রবির শিক্ষার্থী নিখোঁজ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি পর্যটন কেন্দ্রে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। আজ শুক্রবার বিকেল পাঁচটার দিকে বিছনাকান্দির জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ শিক্ষার্থীর নাম শান্ত চন্দ্র বনিক। তিনি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। শান্ত ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ভান্ডারদহ গ্রামের ক্ষিতিশ চন্দ্র বনিকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে শাবিপ্রবির ১১ জন শিক্ষার্থীর একটি দল বিছনাকান্দিতে বেড়াতে আসে। বিকেল চারটার দিকে তাঁদের মধ্যে পাঁচজন জিরো পয়েন্ট এলাকায় নদীর পানিতে গোসল করতে নামেন। একপর্যায়ে শান্তসহ তিন শিক্ষার্থী তীব্র স্রোতের টানে পানিতে তলিয়ে যেতে থাকেন। স্থানীয় লোকজন নৌকা নিয়ে তাৎক্ষণিকভাবে দুজনকে উদ্ধার করতে পারলেও শান্ত স্রোতের টানে তলিয়ে যান।
নিখোঁজ শান্তর সহপাঠী আশরাফ জানান, "আমরা ১১ জন বিকেল তিনটার দিকে বিছনাকান্দিতে আসি। আমাদের মধ্যে পাঁচজন পানিতে নেমেছিল। তিনজন স্রোতের টানে তলিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহযোগিতায় দুজন তীরে উঠতে পারলেও শান্ত নিখোঁজ হয়।"
খবর পেয়ে স্থানীয় ট্যুরিস্ট পুলিশ, গোয়াইনঘাট থানা-পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় ডুবুরিদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত সাড়ে আটটা) নিখোঁজ শিক্ষার্থীর কোনো সন্ধান পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, "বিছনাকান্দিতে গোসলে নেমে শাবিপ্রবির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। খবর পেয়েই আমরা ঘটনাস্থলে ছুটে এসেছি। পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ সমন্বয়ে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। তাঁর সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।"
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, বিছনাকান্দির জিরো পয়েন্টে পানিতে ডুবে শাবিপ্রবির এক শিক্ষার্থী নিখোঁজের খবর পেয়ে প্রশাসন তৎপর রয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে কাজ করে যাচ্ছে।
ডি আর ডি
মন্তব্য করুন: