সিলেটে বিজ্ঞান মেলা উদ্বোধন
গবেষণার মাধ্যমেই দেশের সমস্যার সমাধান করতে হবে বললেন বাণিজ্যমন্ত্রী
বিজ্ঞান গবেষণায় ব্যর্থতা বলে কিছু নেই, এর প্রতিটি ধাপই নতুন জ্ঞান ও অভিজ্ঞতার জন্ম দেয় যা ভবিষ্যতের উদ্ভাবনকে এগিয়ে নেয় বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার (১৫ মে) সিলেটে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় আরও উৎসাহিত করতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রী বলেন, একটি দেশের অগ্রগতির মূল শক্তি হলো জ্ঞানভিত্তিক সমাজ ও গবেষণা। দেশের নানা সমস্যার সমাধান দেশীয় গবেষণা থেকেই আসতে হবে উল্লেখ করে তিনি ডায়রিয়া প্রতিরোধে খাবার স্যালাইন উদ্ভাবন এবং পেঁয়াজ ও আলু সংরক্ষণে দেশীয় প্রযুক্তির সফল প্রয়োগের উদাহরণ তুলে ধরেন। তিনি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিজ্ঞানচর্চা ও বিজ্ঞান মেলার আয়োজন অব্যাহত রাখার ওপর জোর দিয়ে বলেন, স্মার্ট ও উন্নত বাংলাদেশ গঠনের মূল ভিত্তি হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির যথাযথ ব্যবহার। দুই দিনব্যাপী এ মেলায় সিলেট বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তিনির্ভর নানা প্রকল্প প্রদর্শন করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য এম এ মালিক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এস এম সরওয়ার উদ্দিন চৌধুরী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আলিমুল ইসলাম, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী। উদ্বোধনী আলোচনা শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলাটি আগামীকালও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
এদিকে অনুষ্ঠানে মন্ত্রী আসন্ন কোরবানি উপলক্ষে চামড়া সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, কোরবানির একটি চামড়াও যেন নষ্ট না হয়—এ বিষয়ে প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্বারোপ করেছেন এবং সরকার একে একটি জাতীয় দায়িত্ব ও চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। চামড়া যথাযথভাবে সংরক্ষণ করা গেলে চামড়া শিল্প, রপ্তানি আয় এবং এতিমখানা ও মাদরাসাগুলোর আর্থিক সক্ষমতা বাড়বে উল্লেখ করে তিনি জানান, অসচেতনতার কারণে প্রতিবছর বিপুল পরিমাণ চামড়া নষ্ট হওয়া রোধে সরকার এবার ব্যাপক প্রস্তুতি নিয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: