সিলেটে আম খাওয়া নিয়ে বিরোধ: বন্ধুর ছুরিকাঘাতে কিশোর খুন
সিলেটের বিয়ানীবাজারে আম খাওয়াকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে সিয়াম আহমদ (১৫) নামের এক কিশোর খুন হয়েছে। শুক্রবার (১৫ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার লাউতা ইউনিয়নের দক্ষিণ পাড়িয়াবহর গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্ত কিশোর তামিম আহমদ (১৪) পলাতক রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সিয়াম আহমদ ও অভিযুক্ত তামিম আহমদ একই গ্রামের বাসিন্দা এবং একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ছিল। শুক্রবার সন্ধ্যায় আম খাওয়া নিয়ে দুই বন্ধুর মধ্যে হঠাৎ কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তামিম ছুরি দিয়ে সিয়ামের বুকে আঘাত করলে সে ঘটনাস্থলেই ঢলে পড়ে। বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুল হক খান জানান, ছুরির আঘাতটি সিয়ামের হৃদযন্ত্রের কাছাকাছি লাগায় অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত সিয়াম গ্রামের কয়েছ আহমদের ছেলে এবং অভিযুক্ত তামিম একই গ্রামের আব্দুস শুকুরের ছেলে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের পর থেকেই অভিযুক্ত কিশোর তামিম পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তার করতে পুলিশের বিশেষ অভিযান চলছে।
এ রহমান
মন্তব্য করুন: