গোয়াইনঘাটে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি ২৪ ঘণ্টায় গ্রেপ্তার
Led Bottom Ad

গোয়াইনঘাটে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি ২৪ ঘণ্টায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, গোয়াইনঘাট

১৭/০৫/২০২৬ ১৬:৪৭:৫৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় দিলারা বেগম (৫৪) নামের এক নারীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জড়িত প্রধান আসামিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (১৭ মে) র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৯) সহায়তায় উপজেলার রুস্তমপুর ইউনিয়নের মাটিকাপা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার হওয়া আসামির নাম হারুন রশিদ (৩৫)। সে গোয়াইনঘাটের নয়াপাড়া (বীরমঙ্গল হাওর) গ্রামের তাজ উদ্দিনের ছেলে।


পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার (১৬ মে) দিবাগত রাত সোয়া তিনটার দিকে নয়াপাড়া গ্রামে দিলারা বেগমকে খুনের এই ঘটনা ঘটে। নিহত দিলারা বেগম ওই গ্রামের মৃত মাহমুদ হোসেনের স্ত্রী। এই ঘটনায় আজ গোয়াইনঘাট থানায় একটি হত্যা ও অপহরণচেষ্টা মামলা করা হয়েছে।


পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হারুন রশিদ জানিয়েছে, সে ওমানে থাকাকালে দিলারা বেগমের ছেলে আম্বিয়া আহমদের সঙ্গে তার আর্থিক লেনদেন নিয়ে বিরোধ তৈরি হয়। সেই পূর্বশত্রুতার জেরে গতকাল রাতে প্রচণ্ড বৃষ্টির সুযোগ নিয়ে হারুন বাদীর ঘরে ঢোকে। এ সময় সে দিলারা বেগমের মেয়েকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে দিলারা বেগম বাধা দিলে হারুন তাকে হত্যার উদ্দেশ্যে বুকের ডান পাশে ছুরিকাঘাত করে। গুরুতর রক্তাক্ত জখম হয়ে ঘটনাস্থলেই ৪-৫ মিনিটের মধ্যে দিলারা বেগমের মৃত্যু হয়।


ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাট থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।


গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, "ঘটনার পর থেকেই পুলিশ আসামিকে গ্রেপ্তারে অভিযানে নামে। অবশেষে র‍্যাব-৯-এর সহায়তায় ফুফুর বাড়ি থেকে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কাজী আশরাফুল হক আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করছেন। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad