সিলেটে হকারদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
Led Bottom Ad

বিকেল ৫টার পর ব্যবসার সুযোগের দাবি

সিলেটে হকারদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

প্রথম সিলেট প্রতিবেদন

১৮/০৫/২০২৬ ১১:৫২:৩৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট নগরীর ফুটপাতে বিকেল ৫টার পর ব্যবসার সুযোগ দেওয়ার দাবিতে রাস্তা অবরোধ করে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেছেন কয়েক’শ হকার। রোববার (১৭ মে) দুপুরে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রধান ফটকের সামনের সড়কটি পুরোপুরি বন্ধ করে তাঁরা এই কর্মসূচি পালন করেন। বিক্ষোভ চলাকালে অনেক হকারের হাতে ভাতের খালি থালা এবং বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। হকারদের দীর্ঘ সময় ধরে রাস্তা আটকে অবস্থানের কারণে সিসিক ভবন সংলগ্ন ও নগরীর কেন্দ্রস্থল জিন্দাবাজার-কোর্টপয়েন্ট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়, যার ফলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ পথচারী ও যানবাহন চালকেরা।

আন্দোলনরত হকার ও ‘তৃণমূল হকার ঐক্য কল্যাণ পরিষদ’-এর নেতারা জানান, বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই কঠিন সময়ে ফুটপাতের ক্ষুদ্র ব্যবসাই তাঁদের শত শত পরিবারের আয়ের একমাত্র অবলম্বন। সারাদিন ব্যবসা করতে না দিলেও মানবিক কারণে অন্তত বিকেল ৫টার পর থেকে রাত পর্যন্ত তাঁদের ফুটপাতে বসার অনুমতি দিতে হবে। হকাররা অভিযোগ করেন, উচ্ছেদ অভিযানের নামে পুলিশ ও সিসিক কর্তৃপক্ষ প্রায়ই তাঁদের সাথে চরম দুর্ব্যবহার করে এবং মালামাল জব্দ করে নিয়ে যায়। কর্মসংস্থানের কোনো বিকল্প ব্যবস্থা না করে এভাবে উচ্ছেদ করা হলে পরিবার-পরিজন নিয়ে না খেয়ে মরা ছাড়া আর কোনো পথ থাকবে না। এর আগে গত ১৪ মে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে একই দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল করেছিল সংগঠনটি। রোববারের কর্মসূচিতে তৃণমূল হকার ঐক্য কল্যাণ পরিষদের আহ্বায়ক নজরুল ইসলাম ও সদস্যসচিব রুহুল আমিন রুবেলসহ সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা নেতৃত্ব দেন; তবে শেষ খবর পাওয়া পর্যন্ত সিসিক বা প্রশাসনের কোনো পক্ষের সাথেই হকারদের আনুষ্ঠানিক কোনো আলোচনার তথ্য পাওয়া যায়নি।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad