সিলেটে নারী উদ্যোক্তাদের জন্য ৫ দিনব্যাপী রেজিন প্রশিক্ষণ জুনে
সিলেটের নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আগামী জুন মাসে একটি বিশেষ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশনের উদ্যোগে এবং সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় এই ‘রেজিনবিষয়ক উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ৭ জুন থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫ দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সটি পরিচালিত হবে। এতে অংশগ্রহণকারী নারীরা রেজিন দিয়ে বিভিন্ন আকর্ষণীয় ও আধুনিক পণ্য তৈরির কৌশল, ব্যবসা পরিচালনা, পণ্যের বাজারজাতকরণ এবং সফল উদ্যোক্তা হওয়ার উপায় সম্পর্কে হাতে-কলমে শিক্ষা পাবেন।
আয়োজকেরা জানান, প্রশিক্ষণে দক্ষ প্রশিক্ষকের তত্ত্বাবধানে রেজিন পণ্যের ব্যবহারিক শিক্ষা, নতুন ব্যবসায়িক আইডিয়া ও আত্মনির্ভরশীল হওয়ার দিকনির্দেশনা দেওয়া হবে।
এই প্রশিক্ষণে অংশ নিতে আগ্রহী সিলেটের নারী উদ্যোক্তাদের আগামী ৩০ মে’র মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে অনুরোধ করা হয়েছে। প্রশিক্ষণের রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। আসন্ন পবিত্র ঈদুল আজহার কারণে যাঁরা সরাসরি অফিসে এসে নিবন্ধন করতে পারবেন না, তাঁদের সুবিধার্থে অনলাইনে অর্থ পরিশোধের সুযোগ রাখা হয়েছে। আগ্রহী নারীরা ০১৩৩৯-৮৭২৩০১ নম্বরে যোগাযোগ করে বিকাশের মাধ্যমে ফি জমা দিয়ে তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারবেন।
সিলেট উইমেন চেম্বার সূত্রে জানা গেছে, এই প্রশিক্ষণে আসন সংখ্যা সীমিত। তাই ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে প্রশিক্ষণার্থী নির্বাচন করা হবে। নিজেকে দক্ষ করে গড়ে তুলতে ও সফল উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে সিলেটের নারীদের এই সুযোগ লুফে নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: