সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা গুলি
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলির জবাবে পাল্টা গুলি চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে।
আজ মঙ্গলবার (১৯ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বিকেলে সোনারহাট সীমান্ত এলাকায় হঠাৎ গুলি ছোড়ে বিএসএফ। জবাবে তাৎক্ষণিকভাবে কড়া প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা গুলি চালায় বিজিবি। বিজিবির এই দৃঢ় ও পেশাদার পদক্ষেপের পর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। ঘটনার পর থেকে ওই সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
বিজিবি জানায়, সীমান্তে যেকোনো ধরনের উসকানিমূলক ও অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বাহিনীটি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।
এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় জনপ্রতিনিধি ও সীমান্তবর্তী বাসিন্দাদের অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বিজিবির পক্ষ থেকে সতর্ক ও সচেতন করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ডি আর ডি
মন্তব্য করুন: