সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯২
Led Bottom Ad

সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯২

প্রথম সিলেট প্রতিবেদন

১৯/০৫/২০২৬ ১৬:০০:০২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটে সন্দেহজনক হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ৯২ জন শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়ায় উদ্বেগ বাড়ছে। বর্তমানে সিলেট বিভাগজুড়ে ২৮১ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


গতকাল সোমবার (১৮ মে) রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই তিন শিশুর মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হাম ও হাম উপসর্গে মারা যাওয়া শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০ জনে।


সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।


স্বাস্থ্য বিভাগ জানায়, মৃত শিশুদের মধ্যে রয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ছয় মাস বয়সী ইশিতা কাহের। সে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। বাকি দুজন মারা গেছে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। তারা হলো—মৌলভীবাজার সদর উপজেলার বড়বাড়ি সামরাবাজার এলাকার নয় মাস বয়সী সুস্মিতা এবং সিলেট সদর উপজেলার পীরমহল্লা এলাকার নয় মাস বয়সী লাবিবা।


সংশ্লিষ্ট সূত্রমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। তবে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৪৯ জনের শরীরে ল্যাব টেস্টে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে ৭৫ জন, সিলেটে ৪২ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজারে ১৬ জন। হবিগঞ্জের আক্রান্তদের মধ্যে দুজন রুবেলা ভাইরাসেও আক্রান্ত ছিলেন।


গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৯২ রোগীর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২৯ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৫ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৫ জন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪ জন ভর্তি হয়েছে। এছাড়া বিভাগের অন্যান্য হাসপাতালেও বাকি রোগীরা ভর্তি হয়েছে।


বর্তমানে চিকিৎসাধীন ২৮১ জন রোগীর মধ্যে সবচেয়ে বেশি ৭৭ জন ভর্তি রয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। এছাড়া শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭০ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪৮ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৯ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১১ জন চিকিৎসা নিচ্ছে।


স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত সন্দেহজনক হাম উপসর্গে ৩৬ জন এবং নিশ্চিত হাম রোগে ৪ জনসহ মোট ৪০ জন শিশুর মৃত্যু হলো।


সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম বলেন, "সন্দেহজনক হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্ত রোগীর সংখ্যা যেহেতু বাড়ছে, তাই সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।"

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad