এসএমপি কমিশনার
ঈদের ছুটিতে পুলিশের ভল্টে রাখা যাবে টাকা ও স্বর্ণালঙ্কার
ঈদুল আজহার লম্বা ছুটিতে সিলেট নগরীর কোনো বাসিন্দা চাইলে তাদের নগদ টাকা, স্বর্ণ, রৌপ্য বা অন্যান্য মূল্যবান সম্পদ পুলিশের ভল্টে নিরাপদ সংরক্ষণে রাখতে পারবেন। বুধবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই তথ্য জানিয়েছেন সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার মো. আব্দুল কুদ্দুছ চৌধুরী।
তিনি বলেন, শুধু মূল্যবান সম্পদ সংরক্ষণই নয়, ঈদে বিপুল পরিমাণ নগদ টাকা বহনের ক্ষেত্রে কোনো নাগরিক যদি নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সহযোগিতা চান, তবে সিলেট মহানগর পুলিশ সেই সহায়তা প্রদান করবে; এ জন্য সংশ্লিষ্ট থানা বা কমিশনারের কার্যালয়ে আগে যোগাযোগ করতে হবে। এদিকে ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগর এলাকায় কোনো ধরনের অবৈধ পশুর হাট বসতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন এসএমপি কমিশনার। তিনি উল্লেখ করেন, এবার সিলেট মহানগর এলাকায় স্থায়ী একটি এবং অস্থায়ী পাঁচটিসহ সর্বমোট ছয়টির বেশি পশুর হাট বসতে দেওয়া হবে না।
উল্লেখ্য, সিলেট মহানগরীর স্থায়ী পশুর হাট কাজিরবাজারের পাশাপাশি এবার সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) যে পাঁচটি অস্থায়ী হাটের ইজারা দিয়েছে, সেগুলো হলো— দক্ষিণ সুরমা কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল সংলগ্ন ফাঁকা মাঠ, নতুন টুকেরবাজার তেমুখী সংলগ্ন খালি জায়গা, শহরতলীর মিরাপাড়ায় আব্দুল লতিফ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খালি মাঠ, শাহপরান বাজার সংলগ্ন খালি জায়গা এবং সিসিকের মালিকানাধীন তেতলীর এসফল্ট মাঠ।
এ রহমান
মন্তব্য করুন: