জকিগঞ্জে জাতীয় শিক্ষা পদক ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
সিলেটের জকিগঞ্জ উপজেলায় জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতা ও প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার (২০ মে) ভরণ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজনে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণচাঞ্চল্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল বারেক।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউআরসি ইন্সট্রাক্টর মোহাম্মদ আবুল মাসুদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ শাহিদুল ইসলাম, উপজেলা শিক্ষক নেতা আব্দুস শহীদ তাপাদার, এইচ এম কামরুজ্জামান,সহকারী শিক্ষক ইউনুস আলী, আব্দুল হালিম, সাধারণ সম্পাদক মাজহারুল হক সাজু, দীপ্তি বিশ্বাস, মাহমুদুল হাসান খান, রুবেল আহমদ, আবদুল হামিদ, তারেক আহমদ খান, স্কাউট শিক্ষক আব্দুস শাকুর, সুলতান আহমদ, সুহেল আহমদ চৌধুরী ও মোসতাক আহমদ প্রমুখ।
দিনব্যাপী প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দৌড়, দীর্ঘলাফ উচ্চলাফ, বালিশ খেলা, বিস্কুট দৌড়, যেমন খুশি তেমন সাজো, চিত্রাঙ্কন, আবৃত্তি, সংগীত, জাতীয় সংগীত, কুইজ, হামদ-নাত, রচনা প্রতিযোগিতা, হাতের সুন্দর লেখা, গণিত অলিম্পিয়াড ও উপস্থিত বক্তৃতাসহ অন্তত ১৫টি ইভেন্টে অংশগ্রহণ করে। এছাড়া দলীয় খেলাধুলা ও সাংস্কৃতিক পরিবেশনাও অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল বারেক বলেন, “শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই। জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতা শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, বিদ্যালয়ভিত্তিক ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে সহায়তা করে। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ রহমান
মন্তব্য করুন: