সংবাদ প্রকাশের পর বিছনাকান্দিতে চাল পেলেন অর্ধশত দুস্থ মানুষ
সিলেটের গোয়াইনঘাটের বিছনাকান্দিতে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের সংবাদ প্রকাশের পর, বাদ পড়া প্রায় অর্ধশত দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে গোয়াইনঘাট উপজেলার হাদারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাঁদের হাতে ১০ কেজি করে চাল তুলে দেওয়া হয়।
এর আগে গত মঙ্গলবার উপজেলার ১৩ নম্বর বিছনাকান্দি ইউনিয়নে সরকারি ভিজিএফের চাল বিতরণে অনিয়ম ও অনধিকার চর্চার অভিযোগ ওঠে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদ্মা দেবী সিংহের বিরুদ্ধে। চাল না পেয়ে তাঁর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন ২ ও ৩ নম্বর ওয়ার্ডের অনেক হতদরিদ্র নারী-পুরুষ। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। এরপরই আজ বৃহস্পতিবার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে খুঁজে এনে চাল দেয় ইউনিয়ন পরিষদ (ইউপি) প্রশাসন।
মঙ্গলবার চাল না পেয়ে ফিরে যাওয়া কয়েকজন বাসিন্দা বলেন, "সেদিন সারাদিন বসে থেকেও চাল পাইনি। আজ ইউপি প্রশাসক আমাদের খুঁজে এনে চাল দিয়েছেন। চাল পেয়ে আমরা খুব খুশি।" এলাকার কয়েকজন বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে তাঁদের ওয়ার্ডে সাধারণ সদস্য (মেম্বার) না থাকায় তাঁরা নিয়মিত সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
১৩ নম্বর বিছনাকান্দি ইউনিয়ন পরিষদের প্রশাসক বদরুল ইসলাম প্রথম সিলেটকে বলেন, "ভিজিএফের চাল বিতরণের দিন টোকেনধারী অনেকে উপস্থিত না হওয়ায় ৫০ কেজি ওজনের প্রায় ৭ বস্তা চাল উদ্বৃত্ত ছিল। বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়। আজ সুবিধাবঞ্চিতদের খুঁজে এনে সেসব চাল বিতরণ করা হয়েছে।"
জানতে চাইলে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, বিছনাকান্দিতে চাল বিতরণে অনিয়মের যে অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: